সেই কিশোরের মৃত্যু হয় মাথায় আঘাতের কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের সংরক্ষিত বন থেকে উদ্ধার করা উলা মং মারমার (১৪) মাথায় আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক গতকাল সোমবার এ কথা জানান।গত রোববার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উলা মংয়ের লাশ উদ্ধার করে। বনপ্রহরীরা ছেলেটিকে হত্যা করেছেন বলে এলাকাবাসীর অভিযোগ।রাঙামাটি জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মং ক্য চিং মারমা জানান, উলা মং মারমার ময়নাতদন্ত শেষ হয়েছে। মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থোয়াই চিং মারমা জানান, রোববার সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন উলা মংয়ের লাশ ওই সংরক্ষিত বনে ঝোপ ও পাতা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পায়। তাদের কাছ থেকে খবর পেয়ে পরে তিনি সেখানে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেন। কিশোরটি তাঁর ইউনিয়নের আগাপাড়ার থুইম্রা চাই মারমার ছেলে। নিহত কিশোরের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে থোয়াই চিং অভিযোগ করেন, বনপ্রহরীরা উলা মংকে ধরে নিয়ে নির্যাতন করে মেরে ফেলেছে।এলাকাবাসী জানান, উলা মং তিন বন্ধুসহ শনিবার দুপুরে পাড়ার পার্শ্ববর্তী ওই সংরক্ষিত বন থেকে গৃহকাজের জন্য গাছ কাটতে যায়। বেলা তিনটার দিকে বন বিভাগের কয়েকজন কর্মচারী তাদের ধাওয়া করেন। বন্ধুরা পালাতে পারলেও উলা মং বনকর্মীদের হাতে ধরা পড়ে। সন্ধ্যা পর্যন্ত ছেলেটি না ফেরায় তার ওই বন্ধুরা বিষয়টি চেয়ারম্যান থোয়াই চিংকে জানায়। রাতে স্থানীয়রা বনে খোঁজাখুঁজি করেও আর উলা মংকে পায়নি। রোববার দিনে পাতা ও ঝোপঝাড়ে ঢাকা অবস্থায় তার লাশ পাওয়া যায়।এদিকে কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ‘উলা মংয়ের মৃত্যুর সঙ্গে কোনো বনকর্মী জড়িত নন। কর্ণফুলী রেঞ্জের সংরক্ষিত বনে নিষিদ্ধ মহলের বহু লোক আত্মগোপন করে থাকে। তারা গাছ চুরির সঙ্গে জড়িত। আমরা যাতে গাছ চুরি রোধে কিছু করতে না পারি, সে জন্য আমাদের ওপর উদ্দেশ্যমূলকভাবে দোষ চাপানো হচ্ছে।’চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার দাশ জানান, ময়নাতদন্তের জন্য রোববার মামলা হয়নি। শিগগিরই মামলা হবে।