সেই ক্যাপ্টেন কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত মুক্তিযোদ্ধা আমীন আহম্মেদ চৌধুরী বীর বিক্রম(মেজর জেনারেল) ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। তাঁর লেখা বই একাত্তর ও আমার সামরিক জীবন প্রথমা প্রকাশন থেকে বেরোবে শিগগিরই। প্রকাশিতব্য এ বইয়ের কিছু চুম্বক অংশ (২৫ মার্চ থেকে ৩১ মার্চ) ঈষৎ সম্পাদনা করে দুই কিস্তিতে ছাপা হলো। আজ শেষ কিস্তি

.
.

আমি ওখান থেকে পায়ে হেঁটে সেনানিবাসের দিকে রওনা হই। এমপি চেকপোস্টের কাছে ব্রিগেডিয়ার এম আর মজুমদারের সঙ্গে দেখা হয়। ব্রিগেডিয়ার মজুমদার তাঁর শ্যালকের গাড়িতে সেনানিবাসের ভেতরে যাচ্ছিলেন। এমপি চেকপোস্টের কাছে আমাকে দেখে তিনি গাড়ি থামাতে বলেন। আমি তাঁর সঙ্গে সেনানিবাসে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারে যাই। ব্রিগেডিয়ার মজুমদার তাঁর শ্যালক এবং আমাকে জি-১ (আই)-এর অফিসে বসতে বলেন। তিনি সম্ভবত পাকিস্তানি ব্রিগেডিয়ার আল ইদ্রুসের অফিসে যান। আর আমরা দুজন ওখানে তাঁর অপেক্ষায় থাকি। একটু পর কর্নেল সিনওয়ারি (পাকিস্তানি) তাঁর অফিসকক্ষ থেকে বেরিয়ে এসে উর্দুতে বললেন, ‘ব্রিগেডিয়ার মজুমদারের সঙ্গে যে ক্যাপ্টেনটি এসেছে সে কোথায়?’ এ কথা বলে তিনি বাথরুমের দিকে চলে গেলেন। আমিই সেই ক্যাপ্টেন, এ কথা ব্রিগেডিয়ার মজুমদারের শ্যালক বলতে উদ্যত হয়েছিলেন। তাঁর হাত চেপে নিষেধ করলাম। আমি দ্রুত ওখান থেকে সরে পড়লাম। ব্রিগেডিয়ার মজুমদারের শ্যালক আমাকে গাড়িতে করে ওই অফিস থেকে দূরে এক জায়গায় নামিয়ে দিয়ে ফিরে গেলেন। আমি সেখানে অপেক্ষা করতে থাকি। ব্রিগেডিয়ার মজুমদার ফিরে যাওয়ার পথে আমাকে তুলে নিলেন।
ব্রিগেডিয়ার মজুমদার ঢাকায় এসে তাঁর গেন্ডারিয়ার শ্বশুরবাড়িতে উঠেছিলেন। তিনি আমাকে দিলকুশা এলাকায় নামিয়ে দিলেন। গাড়িতে তিনি বলেছিলেন, ‘আমীন এক কাজ করো, আমেরিকান কনস্যুলেট অফিসে যাও। তাদের সঙ্গে আলাপ করো। আমেরিকানদের মনোভাব জানার চেষ্টা করো। আরও জানার চেষ্টা করো যে তারা আমাদের অস্ত্র দিয়ে সাহায্য করবে কি না। আলাপ করে আমার শ্বশুরবাড়িতে আসো।’
কনসাল জেনারেল অফিসে ছিলেন। আমি তাঁর সঙ্গে দেখা করলাম। বললাম, ‘আমেরিকা পাকিস্তানকে যে অস্ত্রপাতি দিয়েছে তা কী যুদ্ধ করার জন্য দেওয়া হয়েছে, না কি নিরীহ মানুষ হত্যা করার জন্য দেওয়া হয়েছে? আমেরিকান নাগরিকেরা কী করে পাকিস্তানকে এই ধরনের অস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে দিচ্ছে।’
কনসাল জেনারেল ২৬ মার্চ আমি যা দেখেছি তা এবং অন্য সব হত্যাযজ্ঞের বিবরণ শুনে শুনে লিপিবদ্ধ করছিলেন। আমি সরাসরি তাঁকে বললাম, ‘আমেরিকা প্রতিরোধকারী বাঙালিদের অস্ত্র দিয়ে সাহায্য করবে কি না?’ তিনি বললেন, ‘আমেরিকান সরকার ও জনগণের ধ্যানধারণা সব সময় একধারায় প্রবাহিত হয় না। কিন্তু সরকার শুধু বিবেকের তাড়নায় বা আবেগে আপ্লুত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। বরং বাস্তবতার নিরিখে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও ভূমিকার ওপর নির্ভর করে নিতে হয়। তাই সাধারণ জনগণের মতামত বাংলাদেশের নিরীহ জনগণের দিকে গেলেও আমেরিকার সরকার সেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবে বলে মনে হয় না।’ আমি বললাম, ‘যারা প্রতিরোধযুদ্ধ করছে তাদের এই মুহূর্তে অস্ত্রের প্রয়োজন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা রয়েছে যারা গোপনে তাদের অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে।’ কিছুক্ষণ চুপ থেকে কনসাল জেনারেল বললেন, ‘তোমাদের সরকার কোথায়?’ তার এ কথায় কিছুটা বিব্রত হলাম। ভাবলাম, আসলেই তো আমাদের এখনো কোনো সরকার গঠিত হয়নি।
আমি কনসাল জেনারেলকে বললাম, ‘আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ আপন শক্তি দিয়ে স্বাধীন হবে। তখন বাংলাদেশের জনমনে যুক্তরাষ্ট্রের প্রতি মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।’ কনসাল জেনারেল আমার কথায় মুচকি হেসে বললেন, ‘যুক্তরাষ্ট্রের বহু বিবেকবান লোক বাংলাদেশের মঙ্গল কামনায় থাকবে।’ বিদায় নেওয়ার সময় বললাম, ‘আমি আশা করি, পাকিস্তান সেনাবাহিনীকে তুমি আমার ব্যাপারে কিছু জানাবে না।’ কনসাল জেনারেল বললেন, ‘আমি একজন ভদ্রলোক বটে।’
২৮ মার্চ সকালে কারফিউ শিথিল হলে মামাতো ভাই জসিমের মোটরসাইকেল চেপে আমি ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করতে গুলশানে যাই। তিনি আমাকে বললেন, ‘ভারত বাঙালি মুসলমানদের হাতে অস্ত্র তুলে দেবে কি না, সেটা বিরাট এক প্রশ্ন।’ তিনি কিছুটা উদ্বেগ নিয়ে বললেন, ২৫ মার্চ সকালে তিনি আওয়ামী লীগ হাইকমান্ডের সঙ্গে কথা বলে ইসলামাবাদ হাইকমিশনকে তারবার্তায় জানিয়েছেন, ‘Still there is a remote posibility that Sheikh Mujib is becoming PM of Pakistan’ or words to that effect. সেদিনই রাত ১০টায় সামরিক অভিযান শুরু হয়।
আমি ডেপুটি হাইকমিশনারকে অনুরোধ করলাম তাঁর গাড়িতে আমাকে ঢাকার বাইরে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দিতে। তিনি বললেন, ‘আমার গাড়ি গুলশান থেকে বের হওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী আটকাতে পারে। তুমি নিজ উদ্যোগেই সীমান্ত অতিক্রম করে ভারতে যাও।’ আমি বললাম, ‘ভারতীয় সেনাবাহিনী বা বিএসএফ আমাকে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার হিসেবে যদি বন্দী করে ফেলে।’ তিনি বললেন, অস্ট্রেলিয়ান হাইকমিশনের মাধ্যমে তিনি আমার সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়ে রাখবেন। তবে এ জন্য একটি সাংকেতিক চিহ্ন বহন করতে হবে। সেটা নেওয়ার জন্য আমাকে ধানমন্ডিতে প্রথম সচিবের সঙ্গে দেখা করতে হবে।
আমি ধানমন্ডি গেলাম। প্রথমে তাঁর (প্রথম সচিব) স্ত্রী আমার সঙ্গে দেখা করলেন। তাঁকে আমি আমার পরিচয় দিলাম এবং কেন এসেছি তা জানালাম। একটু পর প্রথম সচিব একজন অবাঙালি ভারতীয়কে সঙ্গে নিয়ে সেখানে এলেন। তিনি আমাকে একটি লাল ক্রসচিহ্ন-সংবলিত সাদামাটা কাগজ দিলেন। সীমান্তে বিএসএফকে এবং ভারতে প্রবেশের পর সামরিক বা সরকারি-সংশ্লিষ্ট লোকজনকে দেখানোর জন্য সেটি যত্ন করে রাখতে বললেন।
২৯ মার্চ সকাল থেকেই আমি ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা শুরু করলাম। দুপুরে আমার এক মামা আলাউদ্দিন চৌধুরী আমাকে তাঁর মোটরসাইকেলে ভারতীয় সীমান্তে পৌঁছে দেওয়ার জন্য ডেমরা ফেরিঘাটের উদ্দেশে রওনা দিলেন।
কুমিল্লা সেনানিবাস পাশ কাটিয়ে রাতে আমি ও আলাউদ্দিন মামা বরুড়া থানার এক গ্রামে পৌঁছালাম। সেখানে এক বাড়িতে রাতে থাকলাম। পরদিন লাকসাম হয়ে ফেনী পৌঁছালাম। ফেনীতেই আমাদের গ্রামের বাড়ি। বাড়িতে পৌঁছে আমি আমার বড় ভাই আজিজ আহম্মদ চৌধুরীকে বললাম, তাঁরা যেন ফেনী ছেড়ে অন্য কোনো অঞ্চলে চলে যান। বড় ভাই বললেন, ‘ফেনী তো স্বাধীন।’ তাঁকে ও দাদা হোসেন উদ্দিন আহম্মদ চৌধুরীকে সালাম করে কেউ কিছু বোঝার আগেই গ্রামের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। স্থানীয় এমপিএ খাজা আহমদের কাছ থেকে একজন গাইড নিয়ে বর্তমান ফেনী স্টেডিয়ামের পেছন দিয়ে রেললাইন অতিক্রম করে বর্ডার আউট পোস্টে পৌঁছে গেলাম।