ভুল চিকিৎসা ও অস্ত্রোপচারের কারণে পাবনার চাটমোহর উপজেলার একটি ক্লিনিকে আবারও এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মারা যাওয়া ওই প্রসূতির নাম আইরিন খাতুন। গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘সেবা ক্লিনিক ও নার্সিং হোমে’ এ ঘটনা ঘটেছে।আইরিন খাতুন উপজেলার ধুলাউড়ি দিয়ারপাড়া গ্রামের জকিমুদ্দিনের স্ত্রী। তাঁর স্বজন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ক্লিনিক অবরুদ্ধ করে মালিককে মারধর এবং শহরে বিক্ষোভ করে। পুলিশ ক্লিনিকের মালিক আমির হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে। অভিযোগ রয়েছে, এর আগেও ক্লিনিকটিতে একইভাবে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই প্রসূতি। তবে ক্লিনিকের মালিক পাঁচজনের মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন। তিনি এসব ঘটনায় জেলও খেটেছেন। জকিমুদ্দিন ও তাঁর শ্যালক মিজানুর রহমান জানান, গতকাল সকাল সাতটায় আইরিনের প্রসবব্যথা শুরু হলে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। সকাল সোয়া আটটার দিকে অবেদনবিদ ভূপতি সরকার অস্ত্রোপচারকক্ষে প্রসূতিকে অজ্ঞান করার পর বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের শল্যচিকিৎসক ডলি রানী অস্ত্রোপচার (সিজারিয়ান অপারেশন) শুরু করেন। এ সময় প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়। অবস্থা বেগতিক বুঝতে পেরে ডলি ও ভূপতি ক্লিনিক থেকে সটকে পড়েন।সকাল সাড়ে নয়টার দিকে ক্লিনিকের মালিক প্রসূতির স্বজনদের জানান, হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রোগীর স্বজন ও স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ক্লিনিকটি ঘেরাও করে মালিক আমির হোসেনকে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্লিনিকের মালিককে আটক করে থানায় নিয়ে আসে। এরপর ক্লিনিকের মালিকের ফাঁসির দাবি ও অবৈধ ক্লিনিক বন্ধের দাবিতে স্থানীয় মানুষ শহরের প্রধান সড়কে বিক্ষোভ এবং থানা ঘেরাও করার চেষ্টা করে। থানার পরিদর্শক হাবিবুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ মানুষ শান্ত হয়। আইরিনের স্বামী জকিমুদ্দিন বলেন, ‘১৫ দিন আগে আমার স্ত্রীকে চাটমোহর হাসপাতালের চিকিৎসক সজিবুর রহমানকে দেখাইছি। আলট্রাসনোগ্রাম করাইছি। তার কোনো সমস্যা ধরা পড়ে নাই। উল্টাপাল্টা অপারেশন করে আমার স্ত্রীকে মেরে ফেলছে ওরা।’ তিনি ওই ক্লিনিকের মালিক ও সার্জনসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের মালিক আমির হোসেন জানান, কীভাবে প্রসূতির মৃত্যু হয়েছে, সেটা চিকিৎসকেরাই ভালো বলতে পারবেন। তবে তিনি স্বীকার করেন, গত ছয় বছরে তাঁর ক্লিনিকে অস্ত্রোপচারজনিত কারণে পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। অপরদিকে স্থানীয় লোকজন অভিযোগ করেন, এই ক্লিনিকে ভুল অস্ত্রোপচার ও অবহেলায় ছয় বছরে অনন্ত ১০ জন রোগী মারা গেছে।নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডলি রানী বলেন, ‘অস্ত্রোপচারকক্ষে আমি সিজার শুরু করার পর কালো রক্ত বের হয়। তখন বুঝতে পারি প্রসূতি আগেই মারা গেছে। এরপর আমি অপারেশন বন্ধ করে চলে আসি।’ তিনি দাবি করেন, ‘ভুল অপারেশনে নয়, এনেসথেসিয়ার ভুল ট্রিটমেন্টের কারণে প্রসূতির মৃত্যু হয়েছে।’ অবেদনবিদ ভূপতি সরকারের মুঠোফোনে যোগাযোগ করে সেটি বন্ধ পাওয়া গেছে। চাটমোহর থানার পরিদর্শক (ওসি) হাবিবুল ইসলাম জানান, প্রসূতির মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর স্বামী জকিমুদ্দিন বাদী হয়ে ক্লিনিকের মালিক ও ওই দুই চিকিৎসককে আসামি করে একটি মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।