সেই খালে 'বুট' চালালেন মেয়র

দখলমুক্ত অভিযানের এক মাস পর সিলেটের গাভীয়ার খালে গতকাল শনিবার দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে দুটি ‘বুট’ চালান। দুপুর সাড়ে ১২টা থেকে একটা পর্যন্ত ডিঙি নৌকার আদলে বুট দিয়ে পরিদর্শনকালে গাভীয়ারখালের আশপাশ এলাকার মানুষ তাঁকে অভিনন্দিত করেন।
সিলেট নগর দিয়ে সুরমায় মিলিত হওয়া গাভীয়ারখাল দিয়ে একসময় ডিঙি নৌকা চলত। আশপাশের মানুষেরা ডিঙি দিয়ে নগরে যাতায়াত করতেন। দখল-দুষণে সেই গাভীয়ারখাল বদ্ধ জলাশয় আকার ধারণ করায় গত ১৮ ডিসেম্বর সিটি করপোরেশন দখলমুক্ত করার অভিযানে নামে। আরিফুল হক চৌধুরী এলাকাবাসীকে আশ্বস্ত করেছিলেন ‘আপনারা চাইলে এই খাল শুধু দখলমুক্ত নয়, খনন করে শুষ্ক মৌসুমে খাল দিয়ে আমি বুট চালাব!’ অবশেষে মেয়র তাঁর কথা রাখলেন।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, গত ১৮ ডিসেম্বর থেকে নবাব রোডের সেতুর নিচ ও আশপাশের স্থানে স্বয়ংক্রিয় খননযন্ত্র দিয়ে কাজ শুরু হওয়ার পর নিজ থেকে দখল ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পর্যায়ক্রমে ১০২টি অবৈধ স্থাপনা, বাসাবাড়ির সীমানাপ্রাচীর উচ্ছেদ করে প্রায় পাঁচ কিলোমিটার অংশ পুনরুদ্ধার করা হয়। এর মধ্যে ভরাট হওয়া জায়গায় খননকাজ চলমান থাকলেও পাঁচ কিলোমিটার অংশে পানি প্রবাহ সচল হয়। ওই অংশে গতকাল দুপুরে আধা ঘণ্টা বুট দিয়ে পরিদর্শন করেন মেয়রসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা।
নবাব রোড এলাকার প্রবীণ বাসিন্দা তোফাজ্জল হোসেন মেয়রের বুট পরিদর্শনকে অভিনন্দিত করে বলেন, ‘আমরা দেখছি ই-খালেও আগে ডিঙি চলত। ঘটনাটি মেয়র সাবরে জানানোর পর তিনি দখলমুক্ত কইরা বুট দৌড়াবা কইছলা। এক মাসওর মাথাত বুট দৌড়ানোয় আমরা আনন্দ মনে মেয়রকে ধন্যবাদ জানাই।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম এলাকাবাসীর ওই মতামতের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘দখলমুক্ত অংশ যদি অরক্ষিত থাকে, তাহলে আবার দখল হবেই। এ ক্ষেত্রে সিটি করপোরেশন দখলমুক্ত করেই দায় সারলে চলবে না। রক্ষাব্যবস্থাও সুদৃঢ় করতে হবে।’
খাল দখলমুক্ত করে কথা অনুযায়ী বুট পরিদর্শনের প্রতিক্রিয়ায় মেয়র প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন এ পর্যন্ত তিনটি ছড়া-খালে দখলমুক্ত করার অভিযান চালিয়েছে। প্রায় তিন মাস ধরে চলা এ অভিযানে প্রথম সফলতা হচ্ছে গাভীয়ারখাল। এলাকাবাসীকে দেওয়া কথা আমি রেখেছি। শুষ্ককালে যদি বুট দৌড়াতে পারি, তাহলে বর্ষাকালে এ খালের রূপ আগের মতোই হবে বলে আমার বিশ্বাস। তখন আর জলাবদ্ধতা থাকবে না।’