সেই গণপাঠাগারে ২৫০টি বই প্রদান
প্রথম আলোর সাময়িকী অন্য আলোয় প্রকাশিত ‘এ সপ্তাহের নায়ক’ আনিসুল হককে ২৫০টি বই প্রদান করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাবেক ছাত্রনেতা আবু মোহাম্মদ রুহুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোর সিলেট কার্যালয়ে বন্ধুসভার কাছে বইগুলো হস্তান্তর করা হয়। বৃহত্তর সিলেটের ইতিহাস প্রণয়ন পর্ষদের সাধারণ সম্পাদক শুভেন্দু ইমাম বইগুলো গ্রহণ করেন।
হাওরাঞ্চলের উপজেলা সুনামগঞ্জের ধরমপাশা প্রশাসন পরিচালিত গণপাঠাগারের বই চুরি হওয়ায় দীর্ঘদিন ধরে তা তালাবদ্ধ ছিল। গত ২৩ ডিসেম্বর গণপাঠাগার খোলার দাবিতে ধরমপাশা সাহিত্য পরিষদের সভাপতি স্কুলশিক্ষক আনিসুল হকের নেতৃত্বে ১৫০ জন তরুণ আমরণ অনশন শুরু করেন। এতে উপজেলা প্রশাসন বাধ্য হয়ে গণপাঠাগারটি খুলে দেয়। আনিসুল হককে স্থানীয়ভাবে বই পড়া আন্দোলনের একজন পুরোধা আখ্যায়িত করা হয়। ৩ জানুয়ারি ‘এ সপ্তাহের নায়ক’ হিসেবে অন্য আলোয় তাঁর সাক্ষাৎকার ছাপা হয়।
আবু মোহাম্মদ রুহুল ইসলাম জানান, আনিসুল হকের আহ্বানে সাড়া দিয়ে তিনি তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে ২৫০টি বই দান করেন।