সেই গতিরোধক অবশেষে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার বাইপাস সড়কের গতিরোধক গতকাল ভেঙে ফেলা হয় ষ ছবি: প্রথম আলো
বগুড়ার বাইপাস সড়কের গতিরোধক গতকাল ভেঙে ফেলা হয় ষ ছবি: প্রথম আলো

ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার আলোচিত শাজাহানপুর উপজেলার আড়িয়ারবাজার থেকে শিবগঞ্জের মোকামতলা পর্যন্ত অবৈধ ও অপ্রয়োজনীয় উঁচু অধিকাংশ গতিরোধক অপসারণ করা হয়েছে। মহাসড়কের পাশাপাশি জেলা শহরের সঙ্গে অন্য সড়কের অবৈধ গতিরোধকও ভেঙে ফেলা হয়েছে।
সাম্প্রতিক হরতাল-অবরোধে এসব গতিরোধকের সুযোগ নিয়ে মহাসড়কে যানবাহনে নাশকতার ঘটনাও ঘটেছে। এ নিয়ে গত ২৪ ডিসেম্বর প্রথম আলোতে ‘গতিরোধকের ফাঁদ পেতে যানবাহনে নাশকতা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন ছাপা হওয়ার পরদিন থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ শ্রমিক দিয়ে মহাসড়কের এসব গতিরোধক অপসারণ অভিযানে নামে।
জেলা পুলিশের হিসাব অনুযায়ী, অবরোধ চলাকালে প্রায় প্রতিদিনই এই মহাসড়কের শাজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। ২৬ নভেম্বর থেকে এ পর্যন্ত এখানে ৫০০ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে অন্তত ৫০টি যানবাহনে।
আগুনে পুড়িয়ে দেওয়ার পর ক্ষতিগ্রস্ত যানবাহনের চালকেরা নাশকতার জন্য এসব গতিরোধক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনেন। সর্বশেষ বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের পঞ্চম দফা অবরোধের সময় ছয়টি গাড়িতে আগুন ও বহু গাড়িতে হামলার ঘটনা ঘটে।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজামেঞ্চল হক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, মহাসড়কে নাশকতা চালানোর কৌশল হিসেবে রাতারাতি বেশ কিছু গতিরোধক তৈরি করেছিল দুর্বৃত্তরা। এসব গতিরোধক ট্রাফিক আইন মেনে তৈরি না হওয়ায় রাতের আঁধারে দূর থেকে তা গাড়ি চালকের নজরে আসত না। একেবারে কাছাকাছি আসার পর গতি কমানোর সঙ্গে সঙ্গে গাড়িতে হামলা চালানো হতো। এসব অবৈধ গতিরোধক অপসারণের জন্য জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ করা হয়েছিল। মঙ্গলবার পর্যন্ত তারা অধিকাংশ গতিরোধক অপসারণ করেছে।
জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া
সওজের তত্ত্বাবধানে রয়েছে হাটিকুমরুল থেকে মোকামতলা পর্যন্ত অংশ। মহাসড়কের এই অংশের অধিকাংশ গতিরোধকই অবৈধ ও অপ্রয়োজনীয়। সড়ক ও জনপথ বিভাগকে না জানিয়ে ইচ্ছেমতো এসব গতিরোধক নির্মাণ করা হয়েছিল। এ জন্য কয়েক দিন ধরে গতিরোধক অপসারণ
অভিযান চালানো হয়। গতকাল মঙ্গলবার পর্যন্ত সড়ক-মহাসড়কে প্রায় অর্ধশত গতিরোধক অপসারণ করা হয়েছে।
পুলিশসহ বিভিন্ন সূত্রের তথ্যে দেখা যায়, বগুড়ায় যানবাহনে যত হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, তার শতকরা ৯৫ ভাগ এই শাহাজানপুর এলাকায়। কিন্তু এর আগে পুলিশ বা স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।