সেই গাছগুলোই এখন পথের কাঁটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মিরের ময়দানের সড়ক পাশের এ গাছগুলো লাগিয়ে জাতীয় পুরস্কার​ পেয়েছিল সিলেট পৌরসভা। রাস্তা বড় করার প্রয়োজনে এখন গাছগুলো কাটার উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। গতকাল তোলা ছবি l প্রথম আলো
সিলেট নগরের মিরের ময়দানের সড়ক পাশের এ গাছগুলো লাগিয়ে জাতীয় পুরস্কার​ পেয়েছিল সিলেট পৌরসভা। রাস্তা বড় করার প্রয়োজনে এখন গাছগুলো কাটার উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। গতকাল তোলা ছবি l প্রথম আলো

সড়কের পাশে সারি সারি গাছ। সিলেট নগরের কেন্দ্রস্থল মিরের ময়দান এলাকায় এই গাছ লাগিয়ে ১৯৯৯ সালে বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় পুরস্কার পেয়েছিল তৎকালীন সিলেট পৌরসভা। ১৫ বছরের ব্যবধানে এই গাছগুলোই হয়ে দাঁড়িয়েছে উন্নয়নের পথের কাঁটা। সড়ক প্রশস্ত করার জন্য গাছগুলো কেটে ফেলতে চলেছে সিলেট সিটি করপোরেশন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের রিকাবিবাজার মোড় থেকে মিরের ময়দান পর্যন্ত প্রায় ৫০০ মিটার অংশে সড়কের দুই পাশের ১৫১টি গাছ কাটতে দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে ১০৫টি মেহগনি, তিনটি রেইন ট্রি, ছয়টি আকাশিসহ অন্যান্য জাতের আরও ৩৭টি গাছ রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দরপত্র গ্রহণ করা হবে। পরদিন দরপত্র খুলে সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হবে গাছ কাটার দায়িত্ব।
১৯৯৮ সালে সিলেট পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ মৌসুমে ওই সড়কের দুই পাশে সহস্রাধিক গাছ লাগানো হয়। এ উদ্যোগ জাতীয় পর্যায়ে প্রশংসিত হওয়ায় ১৯৯৯ সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘বৃক্ষরোপণে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অবদান’ রাখায় জাতীয় পুরস্কার পেয়েছিল সিলেট পৌরসভা। সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান তৎকালীন পৌরসভার চেয়ারম্যান হিসেবে ওই বছরের ১৫ জুন প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
নগরের একমাত্র ‘ভিআইপি’ সড়কের রিকাবিবাজার মোড় থেকে মিরের ময়দান হয়ে এ সড়কটি সুবিদবাজার গিয়ে মিলিত হয়েছে সিলেট-সুনামগঞ্জ সড়কের সঙ্গে। প্রায় আধা কিলোমিটার দীর্ঘ সড়ক দিয়ে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান, বেতার বাংলাদেশের সিলেট কেন্দ্র ও সিলেট পুলিশ লাইনসে যাতায়াত করতে হয়। সড়কের পূর্ব দিকে হজরত শাহজালাল (রহ.) দরগাহ হওয়ায় বিকল্প যাতায়াতেও মিরের ময়দান ব্যবহৃত হয়। সড়কটি বর্তমানে ১৮ ফুট চওড়া। উভয় দিকে আরও ১২ ফুট করে বাড়ানো হবে। দুই দিকে থাকবে ফুটপাত। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করতেই কাটা হবে গাছ।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, গাছগুলো যখন লাগানো হয়েছিল, তখন সড়কটি একটি বাইপাস যোগাযোগ হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এটি একটি মূল সড়কে পরিণত হওয়ায় সড়ক বড় করতে হচ্ছে। এতে গাছগুলোই প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
তবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম বলেন, ‘অধিকাংশ গাছ সারিবদ্ধভাবে রয়েছে। তাই এক সারিতে থাকা গাছগুলোকে না কেটে গাছের একটি লেন তৈরি করা যেতে পারে।’
সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, নগরে এ পর্যন্ত যা হয়েছে, তার অধিকাংশই পরিকল্পনা ছাড়াই হয়েছে। গাছগুলোও তেমনই। অপরিকল্পিতভাবে লাগানো গাছগুলো কেটে সড়ক বর্ধিত করে একটি সুসজ্জিত লেন তৈরি করা হবে।