সেই গাড়িটির মালিক মাছরাঙা টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার থানার পুলিশের হেফাজতে থাকা সেই মাইক্রোবাসটির মালিক মাছরাঙা টেলিভিশন। প্রথম আলোতে প্রকাশিত সংবাদের সূত্র ধরে প্রতিষ্ঠানটি তাদের গাড়িটি খুঁজে পেয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ গত বুধবার রাতে ওই টেলিভিশন কর্তৃপক্ষের কাছে গাড়িটি হস্তান্তর করেছে। ছিনতাইয়ের চেষ্টার সময় জনতা ওই গাড়ি আটক করে। পরে পুলিশ মাইক্রোবাসটি থানায় নিয়ে যায়। এরপর মেরামত করে সাভার থানার এসআই শহীদুল ইসলাম মোল্লা তা ব্যবহার করছিলেন। এ নিয়ে গত ২৫ ও ২৭ জানুয়ারি প্রথম আলোতে দুটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি মাছরাঙা টেলিভিশনের নজরে আসে।ওই টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, গত বছরের ১৮ জুন রাতে গাড়িটি মিরপুর ১০ নম্বর এলাকার মীনা বাজারের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাসে করে এসে গাড়িটির গতিরোধ করে। ওই দুর্বৃত্তরা গাড়িতে উঠে চালককে জিম্মি করে গাড়িটি সাভারের হেমায়েতপুরে নিয়ে যায়। সেখানে তারা সোহেলকে গাছের সঙ্গে বেঁধে গাড়িটি নিয়ে যায়। এরপর র‌্যাবের একটি টহল দল চালককে মাছরাঙা টেলিভিশন কার্যালয়ে পৌঁছে দেয়। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির এইচ আর কর্মকর্তা নিজাম উদ্দিন গত ১৯ জুন মিরপুর মডেল থানায় জিডি করেন।পুলিশ জানায়, মাস খানেক আগে ওই মাইক্রোবাস দিয়ে হেমায়েতপুর এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয়দের তাড়া খেয়ে ছিনতাইকারীরা গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে এসআই শহীদুল ইসলাম মাইক্রোবাসটি থানায় আনে।মাছরাঙা টেলিভিশনের সমন্বয়ক মোস্তফা জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে গত বুধবার রাতে তাঁরা গাড়িটি নিয়ে আসেন। এসআই শহীদুল ইসলাম মোল্লা বলেন, মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষের কাছে গাড়িটি হস্তান্তর করা হয়েছে।