সেই গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, আসামিরা জামিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর পৌরসভার সফরাবাদে বখাটে যুবকদের নির্যাতনের শিকার সেই গৃহবধূ গতকাল বুধবার আত্মহত্যার চেষ্টা করেন বলে তাঁর পরিবার জানিয়েছে।এদিকে জামিন পেয়ে পাঁচ আসামি বিভিন্নভাবে তাঁদের হুমকি দিচ্ছে বলে গৃহবধূর পরিবার অভিযোগ করেছে।পাঁচ আসামি গতকাল যশোরের বিচারিক আমলি আদালত থেকে জামিন পেয়েছে। যশোরের আইনজীবী মিলন মিত্র প্রথম আলোকে বলেন, যে ধারায় মামলা হয়েছে, তা জামিনযোগ্য ধারা।নির্যাতিতার স্বামীর ভাষ্যমতে, তাঁর স্ত্রী গতকাল সকালে ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। ঝুলে পড়ার মুহূর্তে তিনি ঘরে ঢুকে বাধা দেওয়ায় বেঁচে যান তাঁর স্ত্রী।গৃহবধূর স্বামী আরও বলেন, গরিব বলে আশপাশের প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই তাঁদের অত্যাচার করেন। তাঁর কথা, গরিব বলেই তিনি আইনি সুবিধা থেকেও বঞ্চিত। পুলিশও তাঁদের মামলা নারী নির্যাতনের ধারায় না নিয়ে সহজ করে সাজিয়েছে। এখন আসামিরা সব জামিনে ছাড়া পেয়ে গেছে। আসামি পক্ষের লোকজন বলছে, তাদের নাকি কিছুই হবে না।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক উজ্জ্বল মৈত্র দাবি করেন, ‘এজাহারে যেভাবে অভিযোগ করা হয়েছে তাতে এটিকে নারী নির্যাতনের ধারায় ফেলা যায় না। আইনের বই ঘেঁটে দেখেছি, চুল কেটে দেওয়াটা নারী নির্যাতনের মধ্যে পড়ে না।’ তিনি স্বীকার করেন, সব আসামি আদালত থেকে জামিন পেয়ে গেছে।এদিকে গৃহবধূ কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার থোকা থোকা চুল ছিল। আতিয়ার আর সাত্তার আমার হাত চেপে ধরে। আর লিটন কাঁচি দি চুলগুলা কেটে নেয়। এর থেকে আর অপমানের কী হতে পারে। আমি এখন কীভাবে বাইর হব। আমার বাঁচি থেকে লাভ কী?’নির্যাতিত গৃহবধূর শাশুড়ি অভিযোগ করেন, সকাল থেকেই আসামিদের পরিবারের পক্ষ থেকে তাঁদের মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। তা না হলে গ্রামছাড়া করার ভয় দেখানো হচ্ছে তাঁদের।আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে আসামি লিটনের বোন তানিয়া দাবি করে, ‘ওই মহিলা খারাপ। সে কারণেই তার চুল কেটে দেওয়া হয়েছে।’ চুল কেটে দেওয়া প্রসঙ্গে আসামি খলিলের মা নূরজাহান বলেন, এ কাজটা ঠিক হয়নি। তবে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।গত সোমবার যশোরের কেশবপুর পৌরসভার সফরাবাদ এলাকায় দুর্বৃত্তরা এক গৃহবধূকে প্রকাশ্য রাস্তায় ধরে চুল কেটে পুড়িয়ে দেয়। ঘটনার প্রতিবাদ করায় দুর্বৃত্তরা গৃহবধূর স্বামীকেও মারধর করে। এ ঘটনায় গত মঙ্গলবার ওই গৃহবধূ কেশবপুর থানায় একটি মামলা করেন।