সেই গৃহবধূর পাশে নেই প্রশাসন
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ওই গৃহবধূকে হুমকি দিচ্ছেন জসিম মোল্লার পরিবারের সদস্যরা। শারীরিক ও যৌন নির্যাতনের শিকার গৃহবধূ ও তাঁর স্বামীসহ দুই শিশুর নিরাপত্তার কোনো ব্যবস্থাও করেনি প্রশাসন। গতকাল বুধবার বিকেল চারটায় বাড়িতে গিয়ে গৃহবধূকে একা পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, গতকাল জসিমের মা তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন। মামলা তুলে নিতে বলেছেন। মামলা তুলে না নিলে আরও নির্যাতন করে ভিটে থেকে উচ্ছেদ করবেন বলে হুমকি দিয়েছেন।
গত মঙ্গলবার বিকেলে জসিমের বড় বোন ওই গৃহবধূর কাছে এসেছিলেন। তিনি মামলা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। তাঁর অনুরোধে সাড়া দেননি বলে জসিমের মা এই হুমকি দিয়েছেন। সংখ্যালঘু পরিবারের এই অসহায় নারী বলেন, ‘মরে যাব, তবু মামলা তুলে নেব না।’
জসিমের বাড়ির লোকজন প্রথম আলোর সঙ্গে কোনো কথা বলতে চাননি। শুধু জানান, জসিম দুই দিন বাড়িতে আসেননি। কোথায় আছেন, তাঁরা জানেন না।
বাড়ি থেকে বেরিয়ে আসার সময় এক যুবকের সঙ্গে দেখা। তিনি জানান, তাঁর নাম জুয়েল, জসিমের চাচাতো ভাই, হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনা করেন। সেখানে ঘোরাফেরা করার কারণ জানতে চাইলে জুয়েল বলেন, ‘অপরিচিত লোক দেখলেই শুধু আসি।’
মুঠোফোনে যোগাযোগ করলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুল হক বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হুমকির বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের কী করণীয় আছে। আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের কিছু করার নেই।’
ওই গৃহবধূর অন্য শরিকের জমি কিনে বছর দেড়েক আগে নতুন বাড়ি করেছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারেস মোল্লার ছেলে জসিম মোল্লা। তখন থেকেই নানাভাবে নির্যাতন করছেন তাঁকে। প্রতিবাদ করলেই মারধর করেন। গত শুক্রবার সকালে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এরপর গৃহবধূ থানায় মামলা করেন।