সেই গৃহবধূর লাশের ময়নাতদন্ত হবে ভারতে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় ভোটবাড়ী ছিটমহলে খুন হওয়া সেলিনা আক্তারের লাশের ময়নাতদন্ত ভারতে হবে। ময়নাতদন্ত ভারতে না বাংলাদেশে হবে, তা নিয়ে সিদ্ধান্তহীনতার কারণে লাশটি ১৭ দিন ধরে লালমনিরহাট সদর হাসপাতালের হিমঘরে পড়ে ছিল।
পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, দুই দেশের উচ্চপর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়ার পর লাশটি ময়নাতদন্তের জন্য উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট গেট দিয়ে (আজ) বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ওই দিনই ময়নাতদন্ত শেষে লাশ ফেরত দেবে ভারতের পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক হয়। ২৭ সেপ্টেম্বর রাতে ছিটমহলের নিজের ঘরে খুন হন অন্তঃসত্ত্বা সেলিনা।