গ্রাম্য সালিসের শিকার সেই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়ার সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলামের নেতৃত্বে আদমদীঘি থানার একদল পুলিশ গতকাল বুধবার আদমদীঘি উপজেলার অর্জুনগাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী গৃহবধূর স্বামী গতকাল থানায় সাংবাদিকদের জানান, মাতবরদের নির্দেশ ও ভয়ে তিনি তাঁর স্ত্রীর সামান্য চুল কাটেন। পরে তাঁর স্ত্রীকে ন্যাড়া করে দেন মাতবররা। ন্যাড়া করে দেওয়ার আগে মাতবরপ্রধান সাদেক হোসেন তাঁর স্ত্রীকে ঝাঁটাপেটাও করেন। আশরাফুল ইসলাম জানান, সাদেক হোসেনসহ সব আসামিকে শিগগিরই গ্রেপ্তার করা হবে। উল্লেখ্য, গত শুক্রবার রাতে গ্রাম্য সালিসে আদমদীঘির নশরত ইউনিয়নের বিনাহালী গ্রামের ওই গৃহবধূর (২৬) বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে তাঁকে চুল ন্যাড়া করে দেন মাতবররা। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গৃহবধূর স্বামীকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছিল।