সেই গৃহশিক্ষক ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গৃহশিক্ষক ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুয়াকৈর গ্রামবাসীর উদ্যোগে সরিষাবাড়ীর প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সুলতান মাহমুদ, খায়রুল আলম ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার শুয়াকৈর গ্রামের পঞ্চম শ্রেণী পড়ুয়া একটি মেয়েকে প্রতিবেশী রেজাউল করিম (২২) প্রাইভেট পড়াতেন। ২ সেপ্টেম্বর তিনি বিয়ের কথা বলে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন।এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে পরদিন রেজাউলকে প্রধান আসামি করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। জানতে চাইলে সরিষাবাড়ী থানার ওসি এ কে এম কামরুল আহসান বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।