সেই গেট আর চেনা যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেলে ঐতিহাসিক সেই আমতলার গেট এখন ঢাকা পড়েছে নানারকম দোকানপাটে l প্রথম আলো
ঢাকা মেডিকেলে ঐতিহাসিক সেই আমতলার গেট এখন ঢাকা পড়েছে নানারকম দোকানপাটে l প্রথম আলো

গেটের পাল্লা পুরোটা ঢাকা পড়েছে নানা রকম বাণিজ্যিক ও রাজনৈতিক পোস্টারে। গেট ঘেঁষে ডান পাশে চায়ের দোকান। বাঁ পাশে পুরি-শিঙাড়া ভাজা হচ্ছে। সামনে ফুটপাতে ফল-পানি-বিছানা-বালিশের দোকান। গেটের ওপরে হাতে লেখা দুই ফুট দৈর্ঘ্যের টিনের সাইনবোর্ডটি না থাকলে জানার কোনো উপায় নেই যে এটি সেই ঐতিহাসিক আমতলা প্রাঙ্গণে প্রবেশের পথ। সেই সাইনবোর্ডও জীর্ণ হয়ে গেছে। দুপাশের ফ্রেম খুলে গেছে। যেকোনো দিন খসে পড়বে।

সাইনবোর্ডে লেখা, ‘ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত আমতলার ঐতিহাসিক প্রাঙ্গণ থেকে।’

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এই গেট দিয়েই ১০ জনের একেকটি দলে বিভক্ত হয়ে ছাত্ররা বেরিয়ে এসেছিলেন ১৪৪ ধারা ভঙ্গ করতে। এই ‌‌‘দশজনী মিছিলের’ প্রথমটির নেতৃত্বে ছিলেন মুহাম্মদ হাবিবুর রহমান (পরবর্তীকালে যিনি প্রধান বিচারপতি হয়েছিলেন এবং ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন)। দ্বিতীয় দলের নেতৃত্ব দেন আবদুস সামাদ আজাদ ও ইব্রহীম তাহা। তৃতীয় দলের নেতা ছিলেন আনোয়ারুল হক খান ও আবু জাফর ওবায়দুল্লাহ। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগান দিতে দিতে রাজপথে নেমে এসেছিলেন তাঁরা। ছাত্রদের মিছিলে গুলি চালায় পুলিশ। শহীদদের রক্তের বিনিময়ে বাংলা ভাষার অধিকার পায় বাঙালিরা।

৬৫ বছরেও রাষ্ট্রের পক্ষ থেকে ভাষা আন্দোলনের এই গুরুত্বপূর্ণ স্থান সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। দায়ও নিচ্ছে না কেউ।

ইতিহাসবিজড়িত এই গেটটি স্থায়ীভাবে বন্ধ। পাশেই ঢাকা মেডিকেল কলেজের এখনকার জরুরি বিভাগের গেট।

ভাষা আন্দোলনের ঐতিহাসিক আমতলাটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ কমপ্লেক্স এলাকায়। ঐতিহাসিক আমগাছটির গুঁড়ি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংগ্রহশালায়। আমতলা প্রাঙ্গণে মেডিকেল কলেজ বা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ফলক বা সাইনবোর্ড নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমতলা গেটের ভেতরের ঘরগুলো বহু বছর ধরে মেডিকেলের রেসিডেনসিয়াল সার্জন ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিবছর ২১ ফেব্রুয়ারি এই গেট দিয়ে একটি মিছিল বের হয়। এর আগে কিছুটা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

গেটের সামনে ছয়-সাত বছর ধরে মো. অলির খাবারের দোকান। তিনি বলেন, প্রতিবছর ২১ ফেব্রুয়ারির দুই থেকে তিন দিন আগে তাঁদের তুলে দেওয়া হয়। ২৩-২৪ তারিখে আবার দোকান নিয়ে বসতে পারেন। এখানে বসার জন্য তাঁর নিয়মিত চাঁদা দিতে হয়।

আমতলা সংরক্ষণের দায় কার?

‘এ বিষয়ে অনেক বলেছি, অনেক লিখেছি; কোনো কাজ হয়নি।’ আমতলা এলাকা সংরক্ষণ নিয়ে নিজের হতাশার কথা বললেন ভাষাসংগ্রামী আহমদ রফিক। তিনি বলেন, এ কাজটা তো সরকারের। সরকারের কোনো মন্ত্রণালয়কেই দায়িত্ব নিতে হবে। বিশ্বের যেকোনো দেশে রাষ্ট্রীয়-জাতীয় তাৎপর্য আছে—এমন সব জায়গা চিহ্নিত করে সংরক্ষণ করা হয়। এ দেশে যাদের তা করার কথা, তারা করেনি। এখনো করছে না।

ভাষা আন্দোলনের সময় আমতলা প্রাঙ্গণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ। এখন এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধীন। কিন্তু কোনো কর্তৃপক্ষই এটি সংরক্ষণের উদ্যোগ নেয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমতলা এখন ঢাকা মেডিকেল কলেজের সম্পত্তি। এর সংরক্ষণ করা প্রয়োজন। এ জন্য সমন্বিত কর্মোদ্যোগ দরকার।

জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের উপপরিচালক খাজা আবদুল গফুর বলেন, মেডিকেল কলেজের নয়, এর সংরক্ষণ সরকারের দায়িত্ব। গেটের সামনে অবৈধ দখল উচ্ছেদের দায় সিটি করপোরেশনের। মেডিকেল কলেজের পক্ষ থেকে অন্তত একটি ফলক লাগানো যেত কি না—এ প্রশ্ন করলে তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব একটা ফলকের ব্যবস্থা করব।’

আমতলা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় পড়েছে। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, সেই এলাকায় নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হয়। মেডিকেল কলেজ কর্তৃপক্ষকেও এ বিষয়ে নজর রাখতে অনুরোধ করেছেন তাঁরা। ঐতিহাসিক স্থান হিসেবে আমতলা প্রাঙ্গণ সংরক্ষণ এবং এই এলাকায় স্মৃতিফলক স্থাপন নিয়ে সিটি করপোরেশন কখনো কোনো উদ্যোগ নিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না।’

ঢাকা মেডিকেল কলেজ আমতলা সংরক্ষণের দায়িত্ব নিতে চাইছে না শুনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বিস্মিত হন। প্রথম আলোকে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজেরই এই দায়িত্ব নেওয়ার কথা। গর্বের সঙ্গেই তাদের তা করার কথা। ওরা যদি করতে না চায়, তাহলে সংস্কৃতি মন্ত্রণালয় আমতলা সংরক্ষণের দায়িত্ব নেবে।