সেই গোপালপুরে ভোটারের সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ায় গড়েয়া গোপালপুর গ্রামে সংখ্যালঘুদের ওপর চলে নির্যাতন। নির্বাচনবিরোধীদের হুমকি ও সহিংসতার ঘটনায় ভয়ে তাঁরা বিকেলেই ঘরবাড়ি ছেড়ে স্থানীয় ইসকন মন্দিরে আশ্রয় নেন। ওই ঘটনার ঠিক ১০০ দিন পর গতকাল বুধবার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ওই গ্রামের ভোটকেন্দ্রে উৎসবের আমেজ লক্ষ করা গেছে।
সকাল আটটায় ভোট শুরুর আগেই গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ সারি দেখা গেছে। বিদ্যালয়ের ভবনে নারী ও পুরুষ ভোটারদের জন্য আলাদা ভোটকেন্দ্র করা হয়েছে।
সারিতে দাঁড়ানো ভারতী রানী বলেন, ‘সকাল সাড়ে সাতটার মধ্যে গ্রামের সবাই এক হয়ে ভোট দিতে চলে আসছি। এইবার খুব ভালো লাগছে।’ জসদা রানী বলেন, ‘এইবার হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে ভোট দেওয়ার জন্য আসছি।’ ভোট দিতে আসা হোটেল ব্যবসায়ী পঞ্চানান বর্মণ বলেন, ‘সব দল ভোট করছে বলে এবার ভোটার উপস্থিতি বেশি।’
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, এ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দুই হাজার ৫৭৪। নারী ভোটারের সংখ্যা এক হাজার ৩১১ ও পুরুষ ভোটারের সংখ্যা এক হাজার ২৬৩। বেলা একটা পর্যন্ত নারীদের বুথে ভোট পড়েছে ৮২৩টি। আর পুরুষ বুথে পড়েছে ৭৫২টি।
অন্য কেন্দ্রগুলোতেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। তবে ইসলামনগর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সরাসরি সম্প্রচার করতে গেলে সময় টেলিভিশনের রংপুর অঞ্চলের ব্যুরোপ্রধান রতন সরকারকে লাঞ্ছিত করেন যুবলীগের কর্মীরা। এ সময় তিনি দুই ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মনজুর আলম প্রধান বলেন, সংসদ নির্বাচনের মতো এক দিনে পুরো জেলায় নির্বাচন হচ্ছে না। এবার শুধু সদর উপজেলাতেই নির্বাচন হচ্ছে। ফলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হয়েছে। এ কারণে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
গত ৩১ মার্চ এ উপজেলার ভোট গ্রহণ করার কথা থাকলেও আইনি জটিলতার কারণে নির্বাচন কমিশন (ইসি) তা স্থগিত করে।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে বিএনপি-জামায়াতের কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে তাঁরা ভোটকেন্দ্রের পাশের দেউনিয়া বাজারে হিন্দুদের ২০-২৫টি দোকান ভাঙচুর করেন এবং মালামাল লুট করে নিয়ে যান। ওই ঘটনার পর আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে বিএনপির এক কর্মী মারা যান। পরে বিএনপির কর্মীরা গড়েয়ার বিভিন্ন জায়গায় হিন্দুদের দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করলে আতঙ্কে হিন্দু সম্প্রদায়ের লোকজন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে ইসকনের মন্দিরে আশ্রয় নেন।
বিএনপির নেতাদের গলায় সাংবাদিকের কার্ড: নির্বাচন কমিশন থেকে দেওয়া সাংবাদিক লেখা পরিচয়পত্র গলায় ঝুলিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরেছেন বিএনপির স্থানীয় নেতারা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক স্থানীয় সাপ্তাহিক বাংলার আলো পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধির পরিচয়পত্র দিয়ে সাংবাদিক হিসেবে ভোটকেন্দ্র পর্যবেক্ষণের আবেদন করে কার্ড পান।
গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল ইসলাম শাহ মানবাধিকার সংস্থা এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ঠাকুরগাঁও জেলা সমন্বয়কারী হিসেবে পর্যবেক্ষণের আবেদন করে কার্ড পান। এ ছাড়া বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অনেকেই আবেদন করে সাংবাদিকের কার্ড নেন। তবে তাঁদের কেউই সাংবাদিক নন।
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর আলম বলেন, সাংবাদিক পরিচয়পত্র দিয়ে আবেদন করায় কার্ড দেওয়া হয়েছে। তবে দ্রুত কাজটি করতে গিয়ে যাচাই করার সুযোগ হয়নি।