সেই ঘরগুলোর চারপাশে দেয়াল নির্মাণ করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থায়নে নির্মিত দেয়ালহীন ঘরগুলোর চারপাশে দেয়াল ও দরজা-জানালা নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রতিটি ঘরের জন্য ৬৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। গত অক্টোবর মাসে এই কাজ শুরু হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নির্মিত ১০০টি ঘূর্ণিঝড়-সহনীয় ঘরের চারপাশে ইটের দেয়াল ও দরজা-জানালা নির্মাণের জন্য সরকার গত সেপ্টেম্বর মাসে ৬৩ লাখ টাকা বরাদ্দ দেয়। অক্টোবর মাসে দুটি ঠিকাদারিপ্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।
পিআইও কার্যালয় থেকে আরও জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অধীন ঘূর্ণিঝড়-সহনীয় গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ২০১০-১১ অর্থবছরে মঠবাড়িয়া উপজেলায় ১৩০টি ঘর নির্মাণের জন্য এক কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেয়। ভবন নির্মাণের নকশায় আরসিসি পিলারের ওপর ছাদ ও পাকা মেঝে করার কথা থাকলেও চারপাশে দেয়াল নির্মাণের কথা ছিল না।
দেয়াল না থাকায় উপকারভোগীরা ঘরগুলোতে বসবাস করতে পারছিলেন না। এ নিয়ে গত বছরের ১২ ডিসেম্বর প্রথম আলোয় ‘মঠবাড়িয়ায় অর্ধশত ঘর পরিত্যক্ত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে গত শুক্রবার সকালে গিয়ে দেখা গেছে, ওই গ্রামের ১৮টি ঘরের চারপাশে দেয়াল নির্মাণের কাজ চলছে। উপকারভোগী পান্না মিয়া বলেন, ‘বেড়া না থাহায় ঘরগুলা মানুষের কোনো কামে (কাজে) আইত না। ওতে গরু-ছাগল থাকত । এহন বেড়া দেওয়া ওইলে মোরা ওই ঘরে থাকমু।’