সেই চরে বিদ্যালয় নির্মাণ করবে জেলা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মেঘনা নদীর চর মাঝেরচর গ্রামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে শরীয়তপুরের জেলা প্রশাসন। গত সোমবার জেলা প্রশাসক রামচন্দ্র দাস মাঝেরচর গ্রামে ৩১ ডিসেম্বরের মধ্যে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন।
জেলা প্রশাসনের অর্থায়নে টিন ও কাঠ দিয়ে ঘর নির্মাণ করে ১ জানুয়ারি থেকে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যালয়টিতে ওই চরের ৬৭০ জন শিক্ষার্থী পড়ালেখার সুযোগ পাবে। চরটিতে ৭০০ পরিবারের বসবাস। এখানে শিশুদের পড়ালেখার জন্য সরকারি কোনো বিদ্যালয় নেই।
দাতা সংস্থা অক্সফাম নবিব নেদারল্যান্ডসের সহায়তায় স্থানীয় বেসরকারি সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) ২০০৭ সাল থেকে এখানে ১২০ জন শিশুর মধ্যে প্রাক্-প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ওই সংস্থাটি ৩১ ডিসেম্বরের পরে সেখানে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেবে।
শরীয়তপুরের জেলা প্রশাসক রামচন্দ্র দাস বলেন, ‘সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রক্রিয়া করতে একটু সময় লাগতে পারে। এ সময় যাতে শিশুদের লেখাপড়া চালিয়ে নেওয়া যায়, সে জন্য একটি বিদ্যালয় স্থাপন করার কার্যক্রম শুরু করা হয়েছে।’
সোমবার বিষয়টি নিয়ে ‘কবে হবে বিদ্যালয়, পড়ালেখা’ শিরোনামে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।