সেই চাচা-ভাতিজাকে পাওয়ার টিলার উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের বড়গোলা এলাকায় গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পাওয়ার টিলার হস্তান্তর করা হয় l প্রথম আলো
বগুড়া শহরের বড়গোলা এলাকায় গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পাওয়ার টিলার হস্তান্তর করা হয় l প্রথম আলো

বগুড়ার গাবতলী উপজেলার মেন্দিপুর গ্রামের সেই কৃষক আবুল কাশেম এবং তাঁর দুই ভাতিজা স্কুলছাত্র আবদুল্লাহ ও আবদুল হামিদকে একটি পাওয়ার টিলার উপহার দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে তিন চাচা-ভাতিজার হাতে পাওয়ার টিলারটি তুলে দেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) বগুড়া শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মো. এনামুল হক। এ সময় তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই তাঁরা আবুল কাশেমের পাশে দাঁড়িয়েছেন।
এ ছাড়া পিস অ্যান্ড প্রোগ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত মুঠোফোনে গত মঙ্গলবার প্রথম আলোকে বলেছেন, স্কুলছাত্র আবদুল্লাহ, হামিদ ও তাদের কলেজপড়ুয়া বড় বোনের পড়াশোনার খরচ চালানোর জন্য তিনি ৫০ হাজার টাকা সহায়তা দিতে চান।
‘জীবনসংগ্রাম’ শিরোনামে গত সোমবার প্রথম আলোয় তিন চাচা-ভাতিজার হালচাষের একটি ফটোফিচার ছাপা হয়। সেটি দেখার পর সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে তাঁদের এ সহযোগিতা দেওয়া হয়।
আবদুল্লাহ গাবতলী ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির এবং হামিদ মেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তাদের বাবা আবুল ফজল গাজীপুরে নিরাপত্তাকর্মীর কাজ করেন।
পাওয়ারটিলার পেয়ে খুশি আবুল কাশেম জানান, মহিমাগঞ্জ চিনিকলে তিনি ওজন করণিক পদে চাকরি করতেন। ২০০৩ সালে চিনিকল বন্ধ ঘোষণার পর মাত্র তিন লাখ টাকা পেয়েছেন। এখন মুক্তিযোদ্ধা হিসেবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভাতা পান। বসতভিটা বাদে তিন বিঘা আবাদি জমি রয়েছে। তবে বড় মেয়ের বিয়ের সময় ১৩ শতক জমি বন্ধক রেখে প্রতিবেশী আবদুল মালেকের কাছ থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাবের গাবতলী শাখায় ঋণ রয়েছে কুড়ি হাজার টাকা। একটি এনজিও থেকে ঋণ নিয়েছেন ২০ হাজার টাকা। স্বজনদের কাছে ঋণ ৫৫ হাজার টাকা। সংসারে স্ত্রী ছাড়াও তিন সন্তানের লেখাপড়ার খরচ চালাতে হয়। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী একমাত্র ছেলে সাব্বির আহমেদ এবার গাবতলী ফাজিল মাদ্রাসা থেকে দাখিল দেবে। তিনি আরও জানান, বাড়িতে দুটি বিদেশি গরু রয়েছে। তবে হালচাষ করেন পাওয়ারটিলারে। গত রোববার দুই ভাতিজাকে সাহায্য করতেই বিলের এক টুকরো জমিতে বলদের বদলে নিজেরাই লাঙল টেনে হালচাষ দিচ্ছিলেন।