সেই চার ইটভাটা বন্ধ
যশোরের কেশবপুরে তিনটি ইটভাটার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়া ইট পোড়ানোর দায়ে একটি ভাটাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ অভিযান চালানো হয়।
উপজেলার সাতবাড়িয়া বাজারের অদূরে সুপার ব্রিকস, বারুইহাটি গ্রামে রোমান বিক্রস ও কেশবপুর পৌরসভার ভোগতী এলাকায় জামান ব্রিকস নামে চারটি ইটভাটা তৈরি হচ্ছিল।
আইন না মেনে এগুলো তৈরি হচ্ছিল কৃষিজমি ও আবাসিক এলাকায়। কেশবপুর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, চারটি ভাটায় গতকাল কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) কবির হোসেন অভিযান চালান। কোনো ভাটারই জেলা প্রশাসকের অনুমোদন না থাকায় ইটভাটা নির্মাণ বন্ধ করে দেওয়া হয়। অনুমোদন ছাড়াই ইট পোড়ানোর অপরাধে বায়সা গ্রামে গাজী ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) কবির হোসেন বলেন, জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে ইটভাটা নির্মাণ করতে হবে।
‘কৃষিজমি ও পৌর এলাকায় তৈরি হচ্ছে ইটভাটা’ শিরোনামে গত ২৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় খবর প্রকাশিত হয়।