সেই চার পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আহমদিয়া জামায়াতের সদস্য মতিউর রহমান ও তাঁর তিন ভাইয়ের পরিবারকে একঘরে করার পর এবার এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার এলাকার মাতবরেরা ওই চারটি পরিবারকে এলাকা ছাড়তে বলেন।
এলাকাবাসী ও ভুক্তভোগী ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার নাওগোলা গ্রামের আবদুল মজিদ শেখের ছেলে মতিউর রহমান দীর্ঘদিন ধরে উপজেলা আহমদিয়া জামায়াতের সদস্য। ১৩ সেপ্টেম্বর শুক্রবার নাওগোলা জামে মসজিদে জুমার নামাজ শেষে ইমাম উমর ফারুকের নির্দেশে মাতবর সামছুল ইসলাম, আবদুল হাই ও হোসেন আলী খ্রিষ্টান হয়ে যাওয়ার অভিযোগ এনে মতিউর রহমান ও তাঁর তিন ভাইয়ের পরিবারের ২৫ সদস্যকে একঘরে করার ঘোষণা দেন। আশপাশের লোকজন তাঁদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। ছেলেমেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ থাকে। এই অবস্থায় গত শুক্রবার মাতবরেরা তাঁদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।
মতিউর রহমান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘পরিবার-পরিজনসহ আমাকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য মাতবরেরা লিখিত নির্দেশ দিয়েছেন।’ মতিউর রহমানের বাবা আবদুল মজিদ শেখ (৭০) বলেন, ‘নয় দিন ধরে আমরা আটকা রয়েছি।’
নাওগোলা জামে মসজিদের ইমাম উমর ফারুক বলেন, মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাতবরদের সিদ্ধান্ত অনুযায়ী, মতিউর রহমান ও তাঁর পরিবারকে প্রথমে সমাজচ্যুত করা হয়। গত শুক্রবার তাঁদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নাওগোলা জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকবর আলী বলেন, ‘আহমদিয়া জামায়াতের সদস্য হওয়া মানে খ্রিষ্টান হয়ে যাওয়া। তাই মতিউরসহ পরিবারের ২৫ সদস্যকে একঘরে করার পর গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়েছে।’
সরিষাবাড়ী থানার ওসি এ কে এম কামরুল আহসান বলেন, ‘এ ব্যাপারে আমাদের কেউ জানায়নি। তবে ঘটনা শুনেছি। তদন্ত করে মাতবরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’