সেই চার বিজ্ঞানীকে বদলি
যে সার ব্যবহারযোগ্য নয় বলে কৃষি মন্ত্রণালয় ধ্বংস করতে বলেছিল, রাজশাহীর মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা সেই সারকেই ভালোমানের বলে প্রত্যয়ন করেন। অবশ্য এর মাত্র ১৫ দিন আগে তাঁরাই এই সারকে নিম্নমানের বলে প্রতিবেদন পাঠিয়েছিলেন।
দুই রকম প্রতিবেদনের কারণে তাঁদের এই পরীক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। এখন দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে নমুনাগুলো পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হচ্ছে। তার ফলাফল পাওয়ার আগেই রাজশাহী ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ চারজন বৈজ্ঞানিক কর্মকর্তাকে রাজশাহী থেকে খুলনা, কুমিল্লা ও বগুড়ায় বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আবু তাওয়াব খন্দকার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আইয়ুবুর রহমান, আমিনুল ইসলাম ও মিজানুর রহমান। তাঁদের মধ্যে তাওয়াব খন্দকার ও আমিনুল ইসলামকে খুলনায়, মিজানুর রহমানকে বগুড়ায় এবং আইয়ুবুর রহমানকে কুমিল্লায় বদলি করা হয়েছে। গত সপ্তাহে তাঁরা সবাই নতুন কর্মস্থলে যোগদান করেছেন। তবে চাকরিজীবনে এই প্রথমবারের মতো তাওয়াব খন্দকার বদলি হলেন। তিনি ২৩ বছর ধরে রাজশাহীতেই ছিলেন। রাজশাহীর শ্যামপুরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণাগারে ছয়জন বৈজ্ঞানিক কর্মকর্তা কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে চারজনকেই বদলি করা হয়েছে।
গতকাল রোববার সেখানে গিয়ে জানা যায়, এখন এই ইনস্টিটিউটের দায়িত্বে রয়েছেন বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুর রহমান। তিনি দাপ্তরিক কাজে ঢাকায় রয়েছেন। মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুবারে চারজনের বদলির আদেশ হয়েছে। যতটুকু মনে পড়ে, ২৭ এপ্রিল পর্যন্ত তাঁদের রাজশাহী ত্যাগ করার সময় ছিল। তবে ২০ এপ্রিলের পরপরই তাঁরা নতুন কর্মস্থলের উদ্দেশে চলে গেছেন।
হিলি শুল্ক গুদাম সূত্রে জানা গেছে, ভারত থেকে বিভিন্ন পথে বাংলাদেশে পাচারের সময় ধরা পড়া প্রায় তিন হাজার ৪৯৫ মেট্রিক টন সার বর্তমানে দেশের ১১টি শুল্ক গুদামে রয়েছে। গুদামগুলো হলো হিলি, লালমনিরহাট, মোগলহাটি, পাটগ্রাম, নেকমরদ, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর ও রংপুর। দিনাজপুরের বাংলাহিলি শুল্ক গুদাম কর্মকর্তা পরীক্ষার জন্য গুদামগুলো থেকে সংগৃহীত পাঁচ ধরনের সারের ২৯টি নমুনা গত বছর ১৮ আগস্ট রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গবেষণাগারে পাঠান। নমুনাগুলো পরীক্ষা করে ২৮ আগস্ট প্রথমবার প্রতিবেদন পাঠানো হয়। এতে ১৫টি পটাশ সারকে নিম্নমানের বলা হয়। এর ১৫ দিনের মাথায় ১২ সেপ্টেম্বর তাঁরা একই নমুনার ওপর আবার একটি প্রতিবেদন পাঠান। এতে পটাশ সারের ১৫টি নমুনাকেই ‘ইহা একটি ভালো মানের সার’ বলে মন্তব্য করা হয়েছে। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আবু তাওয়াব খন্দকার এই প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। এ ব্যাপারে রংপুরের একজন ব্যবসায়ী গত ২০ সেপ্টেম্বর সারগুলো পরীক্ষার ফলাফলে অনিয়ম প্রসঙ্গে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবার লিখিত অভিযোগ করেন। এ নিয়ে চলতি বছরের ৫ এপ্রিল প্রথম আলোয় ‘ভেজাল সার ১৫ দিন পরই হয়ে গেল ভালো’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলা প্রশাসক আ হ ম শামীম আল রাজি এই নমুনাগুলো ফের পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর উদ্যোগ নিয়েছেন।