সেই চার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নোটিশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় পার্টির (জাপা) সভায় অতিথিদের অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের সভাস্থলে প্রায় সাড়ে চার ঘণ্টা দাঁড় করিয়ে রাখার ঘটনায় সোনারগাঁ পৌরসভার চারটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গতকাল রোববার কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত শনিবার সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে জাতীয় পার্টির (জাপা) সভায় সোনারগাঁ পৌরসভা এলাকার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি কলেজের শিক্ষার্থীদের অতিথিদের অভ্যর্থনা জানাতে সাড়ে চার ঘণ্টা প্রচণ্ড রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘অভ্যর্থনা জানাতে চার ঘণ্টা দাঁড়িয়ে’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এরপর উপজেলা শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবাল তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দরপত ঠোটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শাও নোটিশ দেন। তিন দিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
আ ফ ম জাহিদ ইকবাল বলেন, সন্তোষজনক জবাব দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।