সেই চার লাখ টন চাল-গম দিয়ে হচ্ছে পল্লি রেশনিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাবিখা ও টিআর কর্মসূচির জন্য খাদ্য অধিদপ্তরের সংগ্রহ করা চার লাখ টন চাল ও গম অবশেষে পল্লি রেশনিংয়ের আওতায় বিতরণের পরিকল্পনা নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ভোক্তা পর্যায়ে ১৫ টাকা কেজি দরে চাল এবং ১৩ টাকা কেজি দরে গম বিক্রির প্রস্তাব নিয়ে আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
খাদ্য বিভাগের দেওয়া প্রস্তাব অনুযায়ী, চলতি মার্চ এবং আগামী এপ্রিলে এক কোটি পরিবারকে ২০ কেজি করে ওই চাল দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে ওই পল্লি রেশনিং কার্যক্রম শুধু এ বছরের জন্যই নয়, এই কার্যক্রমকে একটি নিয়মিত কর্মসূচি হিসেবে নেওয়ার জন্য পল্লি রেশনিং আদেশ, ২০১৬ এবং পল্লি রেশনিং আইন, ২০১৬–এর খসড়া তৈরি করেছে মন্ত্রণালয়।
এর আগে ১৯৯৩ সালে সরকারিভাবে খাদ্য রেশনিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ডিলার নির্বাচন এবং খাদ্যবণ্টন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠায় সে সময় ওই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ১৯৯৩ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ইফপ্রি) থেকে রেশনিং ব্যবস্থা নিয়ে একাধিক গবেষণা করে এর অনিয়ম ও দুর্নীতিগুলো চিহ্নিত করা হয়। ওই দুই প্রতিষ্ঠানের গবেষণায় দেখা যায়, পল্লি ও শহরে রেশনের খাদ্যের ৭০ শতাংশই সঠিক লোক পেত না। যারা পেত, তারাও সঠিক পরিমাণে পেত না।
গতকাল মঙ্গলবার রাতে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমেদ বলেন, আজ এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে তাঁদের বৈঠক রয়েছে। এই কার্যক্রমের প্রাথমিক নাম পল্লি রেশনিং ভাবা হলেও এখনো তা চূড়ান্ত হয়নি। তবে গ্রামীণ দরিদ্র মানুষদের কম মূল্যের চাল ও গম দেওয়া হবে।
পল্লি রেশনিং আদেশ ও নীতিমালা অনুযায়ী বছরে পাঁচ মাস ওই কার্যক্রম চলবে। এ কাজে বছরে ১০ লাখ টন চাল লাগবে এবং এ জন্য ২ হাজার ২৮৩ কোটি ৫০ লাখ টাকা ভর্তুকির প্রয়োজন হবে। আর এ বছরের দুই মাসের জন্য ভর্তুকি লাগবে ৯১৩ কোটি ৪২ লাখ টাকা। সেপ্টেম্বর, অক্টোবর, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল—এই পাঁচ মাস ওই খাদ্য বিক্রি করা হবে।
এ ব্যাপারে বিআইডিএসের সাবেক মহাপরিচালক কাজী সাহাবউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি পল্লি রেশনিংয়ের বিপক্ষে না। তবে আমাদের এর আগের রেশনিং ব্যবস্থার অভিজ্ঞতা ভালো না। আমরা পল্লি ও শহুরে—দুই ধরনের রেশনব্যবস্থা নিয়ে গবেষণা করে দেখেছি, বেশির ভাগ ক্ষেত্রে রেশনের খাদ্য সঠিক জনগোষ্ঠী পেত না। যারা পেত, তাদেরও সঠিক পরিমাণে দেওয়া হতো না। অর্থাৎ কম দেওয়া হতো। আবারও ওই কার্যক্রম চালু করার আগে অবশ্যই অনেক বেশি ভেবেচিন্তে ও দুর্নীতি কমানোর পরিকল্পনাসহ সেই উদ্যোগ নিতে হবে।’
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খাদ্য অধিদপ্তর কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) ও পরীক্ষামূলক ত্রাণ (টিআর) কর্মসূচির জন্য চার লাখ টন চাল ও গম সংগ্রহ করেছিল। সম্প্রতি সাংসদেরা ওই চাল-গম নিতে অস্বীকৃতি জানান এবং অর্থ মন্ত্রণালয় থেকে ওই চাল-গমের সমপরিমাণ টাকা নগদ হিসেবে বণ্টনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি গুদামে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) জন্য আরও তিন লাখ টন চাল-গম রয়েছে।
গত ফেব্রুয়ারিতে খাদ্য অধিদপ্তর থেকে তৈরি করা পল্লি রেশনিং নীতিমালা, ২০১৬–এর খসড়ায় বলা হয়েছে, প্রতিটি পরিবারকে একটি করে রেশন কার্ড দেওয়া হবে। ওই কার্ডের আওতায় চাল ছাড়া অন্যান্য খাবারও দেওয়া হতে পারে। ওই কার্ডধারীদের নামের তালিকা চূড়ান্ত করার জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খাদ্য কমিটি গঠন করা হবে। ইউনিয়ন কমিটির সভাপতি থাকবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্যরা এর সদস্য হিসেবে থাকবেন। আর উপজেলা কমিটির উপদেষ্টা থাকবেন স্থানীয় সাংসদ এবং সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
খাদ্য কমিটি উপজেলাভিত্তিক দারিদ্র্য সূচক ও জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী যথাক্রমে সুবিধাভোগী পরিবারের সংখ্যা নির্ধারণ করবে। ওই কমিটি প্রতি ৫০০ জন সুবিধাভোগীর জন্য একজন করে ডিলার নিয়োগ করবে। সুবিধাভোগীরা সপ্তাহে তিন দিন একবারে ১০ কেজি করে চাল কিনতে পারবেন।
খাদ্য অধিদপ্তর থেকে রেশন কার্ডের খসড়া ও ডিলার লাইসেন্সের শর্তাবলিও চূড়ান্ত করা হয়েছে। ওই সবকিছু পল্লি রেশনিং আদেশের সঙ্গে অনুমোদন দেওয়া হবে। আগামী সপ্তাহের মধ্যে ওই আদেশ ও নীতিমালা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে উত্থাপন করা হতে পারে বলে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।