সিলেটের নেহার বিপণিবিতানে গয়নার দোকানে লুটপাট ও নিরাপত্তাকর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার চারজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। গতকাল মঙ্গলবার শুনানি শেষে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এ বি এম জহিরুল গণি চৌধুরী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত বুধবার রাতে ওই বিপণিবিতানে বোমা-গুলি ছুড়ে গয়নার দোকানে লুটপাট করে সন্ত্রাসীরা। এ সময় গুলিতে বিপণিবিতানের নিরাপত্তাকর্মী বাদশা মিয়া (৫০) ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ পরদিন জিজ্ঞাসাবাদের জন্য যুবলীগ কর্মী শেখ কবীর, ছাত্রদল কর্মী আবদুল জলিল ও নাহিদুল ইসলাম এবং একাধিক ডাকাতি মামলার আসামি ওমর আলীকে আটক করে। পরে এ ঘটনায় করা মামলায় ওই চারজনকে কারাগারে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ওসি নাসিরউদ্দিন মোহাম্মদ জানান, গতকালই আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।