ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আওয়ামী লীগের নেতার গুদাম থেকে উদ্ধার করা চাল খাদ্যবান্ধব কর্মসূচির নয়, তা ক্রয় করা বলে দাবি করেছেন স্থানীয় নেতারা। গত বৃহস্পতিবার বিকেলে হেমগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাতেম আলী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনোয়ারুল হক।
হাতেম আলী বলেন, ‘ত্রুটি-বিচ্যুতির কারণে স্থানীয় সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান ২৪ ডিলারের নিয়োগ বাতিল করেছেন। আওয়ামী লীগ নেতা নুরুল্লার ডিলারশিপও বাতিল হয়ে গেছে। কিন্তু বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের ক্রীড়নক হয়ে প্রশাসন গুদাম থেকে নুরুল্লার ক্রয় করা চাল জব্দ করেছে। প্রশাসনকে এ চাল ফেরত দিতে হবে। নুরুল্লার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে।’
এ বিষয়ে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তামীম আল ইয়ামীন প্রথম আলোকে বলেন, তিনি কারও ক্রীড়নক হয়ে কাজ করেননি। সরকারি দায়িত্ব পালন করেছেন মাত্র। খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি না করে অন্যত্র বিক্রি করার উদ্দেশ্যে মজুদ করে রাখার তথ্য পেয়ে প্রকাশ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছিল। দাতারাটিয়া বাজারে শতাধিক লোকের উপস্থিতিতে ৪৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা হয়েছে।
গত বুধবার উপজেলা প্রশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল্লার দাতারাটিয়া বাজারের গুদাম থেকে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ৪৫ বস্তা চাল (সোয়া দুই মেট্রিক টন) উদ্ধার করে। এ ঘটনায় উপজেলা খাদ্য পরিদর্শক বিকাশ চন্দ্র দত্ত বাদী হয়ে রাতেই নান্দাইল মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে নুরুল্লা আত্মগোপনে আছেন। এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোতে ‘নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচি, আ.লীগ নেতার গুদাম থেকে সোয়া দুই টন চাল উদ্ধার’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।