সেই চালকের মুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় শ্রমিকদের কর্মবিরতি
চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন দাবিতে চুয়াডাঙ্গায় পরিবহন শ্রমিকেরা গতকাল রোববার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। তাঁরা শহরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ কারণে গতকাল চুয়াডাঙ্গা থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে এই কর্মসূচি পালিত হয়। বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহীদ আবুল কাশেম সড়কের সাংগঠনিক কার্যালয় থেকে পরিবহনশ্রমিকেরা মিছিল বের করেন। মিছিলটি শহর ঘুরে বড় বাজার শহীদ হাসান চত্বরে সমবেত হয়। সেখানে মুক্তমঞ্চে ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন রিপন মণ্ডল, জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আশাদুল হক, শ্রমিকনেতা ইকবাল কবীর, মামুনুর রশিদ, আয়নাল হক, কুতুবুল আলম প্রমুখ।সমাবেশ থেকে অবিলম্বে চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া পরিবহনশ্রমিকদের ঘাতক বলা থেকে বিরত থেকে সেবক বলতে সবার প্রতি অনুরোধ জানানো হয়।গত ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের সিইও মিশুক মুনিরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ১৪ আগস্ট চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।