চট্টগ্রাম বন্দরে মাদক সন্দেহে জব্দ হওয়া চালানটি খালাস করতে না পেরে ভারতে নেওয়ার কথা ছিল। বলিভিয়া থেকে এ চালানটি চট্টগ্রামে পাঠানো হলেও যাবতীয় তদারকি হয় যুক্তরাজ্য থেকে। বলিভিয়া থেকে যিনি এই চালানটি পাঠিয়েছেন, তিনি চট্টগ্রাম বন্দর থেকে খালাস করতে যুক্তরাজ্যের দুজন ব্যক্তির মাধ্যমে বাংলাদেশের তিনজন ব্যক্তির সহায়তা নেন। ই-মেইল যোগাযোগের নথি, শিপিং এজেন্ট-সংশ্লিষ্ট নথি এবং খালাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
পণ্য খালাসের আগে গত শনিবার রাতে পুলিশের সন্দেহের কারণে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা সিলগালা করেন কনটেইনারটি। গত সোমবার প্রাথমিক পরীক্ষায় প্রায় ২০ টন সূর্যমুখী তেলের চালানের নমুনায় মাদক শনাক্ত হয়নি। এরপরও সন্দেহ জোরালো হওয়ায় ১০৭টি নমুনা গবেষণাগারে পরীক্ষা করার সিদ্ধান্ত হয়। মাদক শনাক্ত না হলেও চালানটি আনার প্রক্রিয়াকে ঘিরে এখনো রহস্য রয়েছে। কেননা এ চালানটি আমদানির জন্য ব্যাংকে কোনো ঋণপত্র খোলা হয়নি। আবার বলিভিয়া থেকে সূর্যমুখী তেলের কোনো চালান এই বন্দর দিয়ে খালাস করার কোনো নজির নেই। শুল্ক বিভাগের হিসাবে, চলতি বছর সূর্যমুখী তেল আমদানি হয়েছে ইউক্রেন, রাশিয়া, সাইপ্রাস, স্পেন, ইতালি, মালয়েশিয়া, তুর্কি ও ওমান—এই আটটি দেশ থেকে।
পণ্যের মালিকানা দলিল (বিল অব লেডিং) অনুযায়ী, চালানটি বলিভিয়া থেকে রপ্তানি করে ইমপোর্ট এক্সপোর্ট ইএল ভাইভেন এসআরএল নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বলিভিয়ার পুরোনো শহর সান্তা ক্রুজ এলাকায় অবস্থিত। ওই দলিলে পণ্যের আমদানিকারক দেখানো হয় খাতুনগঞ্জের খান জাহান আলী লিমিটেড। পণ্যের ফরওয়ার্ডিং এজেন্ট ছিল উরুগুয়ের সাউথ ফ্রেইট লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠান।
নথিপত্র ও ই-মেইলের কথোপকথন থেকে জানা গেছে, উরুগুয়ের মন্টিভিডিও বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে এ চালানটি এমভি থর স্ট্রিম নামের জাহাজে আনা হয় গত ৮ মে। কনটেইনার পণ্য ট্রান্সশিপমেন্ট হয় সিঙ্গাপুর বন্দরের মাধ্যমে। বলিভিয়া থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি উরুগুয়েতে চালানটি পাঠান। পরে মো. বকুল (আদি নিবাস সিলেটে) নামের যুক্তরাজ্যের এক নাগরিক প্রথম যোগাযোগ করেন ঢাকায় তাঁর মামাতো ভাই মোস্তফা কামালের সঙ্গে। পরে মোস্তফা কামাল বিষয়টির দায়িত্ব দেন তাঁর ভাতিজা ঢাকার একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আতিকুর রহমানকে। কিন্তু ওই চালানটি খালাসের জন্য মোস্তফা কামাল ও আতিকুর রহমান প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর জন্য যুক্তরাজ্যে অবস্থানরত বকুলকে তাগাদা দেন।
যোগাযোগ করা হলে মোস্তফা কামাল গত সোমবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাজ্য থেকে মামাতো ভাই বকুল আমাকে অনুরোধ করে এই চালানটি খালাসে সহায়তা করার জন্য। কার চালান জানতে চাইলে বকুল আমাকে জানায়, যুক্তরাজ্যে অবস্থানরত তার এক বন্ধুর (ভারতীয় নাগরিক) বন্ধু, বলিভিয়ায় থাকে। চালানটি তার।’ তিনি বলেন, ‘চালান খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগবে বলে আমি জানাই। যে কয়টি নথি পাঠিয়েছে, তা স্প্যানিশ ভাষায়। আমি ইংরেজিতে অনুবাদ করে দিই। সহায়তা করা যায় কি না, তা দেখতে আমার ভাতিজা আতিকুর রহমানকে বলি। এরপর চালানটি খালাসে চট্টগ্রামের খান জাহান আলী লিমিটেডের গোলাম মোস্তফা সোহেলের সঙ্গে যোগাযোগের অনুরোধ করে সে।’
প্রসঙ্গত, এ পণ্য আমদানির সঙ্গে জড়িত খান জাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেলকে গত সোমবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখায় বন্দর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, লন্ডনে অবস্থানরত তাঁর এক মামার পরামর্শে তিনি এ চালানটি খালাসের দায়িত্ব নেন। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার তানভীর আরাফাত প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তরল কোকেন দেখতে সূর্যমুখী তেলের মতো। তাই তাঁদের সন্দেহ কাটছে না।
নথি অনুযায়ী, পণ্যের চালান আনা হয় কসকো শিপিং লাইনের কনটেইনারে করে। এই শিপিং লাইনের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করেন আতিকুর রহমান। ই-মেইলে তিনি এ চালানটি ভারতের কোনো বন্দরে নেওয়া যায় কি না, সে ব্যাপারে কসকো শিপিং লাইনের দায়িত্বশীল ব্যক্তিদের সহায়তা চান। জবাবে কসকো শিপিং লাইন থেকে বলা হয়, আমদানিকারকের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র কাস্টম হাউসে জমা দিয়ে প্রক্রিয়া শেষ হওয়ার পর খালাস নেওয়ার সুযোগ আছে। ভারতে নেওয়ার সুযোগ নেই।
আতিকুর রহমান বলেন, ‘আমদানি-রপ্তানি প্রক্রিয়ার বিষয়গুলো জানার কারণে চাচা (মোস্তফা কামাল) ও মামা (বকুল) সহায়তা চান। সব জানার পর দেখলাম, তাঁরা আমদানির প্রক্রিয়া জানেন না। কাগজপত্রও নেই। যুক্তরাজ্য থেকে মামার অনুরোধের পর ভারত থেকে একজন আমার সঙ্গে যোগাযোগ করেন। পণ্যের বিএল পাঠায়। কাগজপত্র না হলে এখানে খালাসের সুযোগ নেই জানালে বকুল মামা এই চালানটি ভারতে পাঠানো যায় কি না, সে ব্যাপারে সহায়তা চান। এরপর সোমবার শুনি কনটেইনারটি আটক করা হয়েছে।’
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান প্রথম আলোকে বলেন, শিপিং এজেন্ট ও আরেকজন ব্যক্তির সঙ্গে কথোপকথন, ঋণপত্র ছাড়াই আমদানি, অন্য দেশে পাঠানোর তথ্য, বলিভিয়া থেকে সূর্যমুখী তেলের প্রথম চালান আমদানি—এসব তথ্য প্রমাণ করে যে পণ্যটি সন্দেহজনক। এখন উন্নত গবেষণাগারে পরীক্ষা হবে। কোনো মাদকের উপস্থিতি পাওয়া না গেলেও এই চালানের বিরুদ্ধে শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম বন্দরে এসে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী গত সোমবার সাংবাদিকদের জানান, একটি বিদেশি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কনটেইনারটি শনাক্ত করা হয়। এ ঘটনায় যুক্তরাজ্যেও দুজনকে আটক করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।