মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার জেলা স্বাস্থ্য বিভাগ এই কমিটি গঠন করে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে প্রসব ব্যথা উঠলে আইরিন আক্তার (২৬) নামের এক প্রসূতিকে দালালের মাধ্যমে সাটুরিয়া ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড নার্সিং হোম নামের ওই ক্লিনিকে ভর্তি করা হয়। পরদিন সন্ধ্যায় অবেদনবিদের সহায়তা ছাড়া মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ডক্টরস ক্লিনিকের মালিক চিকিৎসক খায়রুল আলম আইরিনের অস্ত্রোপচার করেন। এরপর তাঁর প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আইরিনের স্বামী সোহাগ মিয়ার অভিযোগ, মারা যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দায় এড়াতে তাঁর স্ত্রীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
এ ঘটনায় শুক্রবার প্রথম আলোয় ‘প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে এলে গতকাল ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়। এতে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল কবিরকে আহ্বায়ক, জেলা সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসক কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) উত্তম কুমার সরকারকে সদস্যসচিব এবং জেলার সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি সার্জন (কনসালট্যান্ট) টি এইচ জহুরাকে সদস্য করা হয়েছে।
উত্তম কুমার সরকার বলেন, অস্ত্রোপচারের বিষয়ে খায়রুল আলমের কোনো গাফিলতি বা অনিয়ম আছে কি না এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ছাড়া ওই ক্লিনিক নিয়মমাফিক চলছে কি না, তা নিয়েও তদন্ত করা হচ্ছে।
সিভিল সার্জন মো. খুরশীদ আলম বলেন, আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জেলার সব বেসরকারি ক্লিনিক যথা নিয়মে চলছে কি না—এ বিষয়ে আগামী শনিবার ক্লিনিক মালিকদের তলব করা হয়েছে। পরবর্তী সময়ে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।