সেই চিকিৎসক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানজিলা জাহান মিথিলা
তানজিলা জাহান মিথিলা

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (সহকারী রেজিস্ট্রার) চিকিৎসক মিজানুর রহমান এখন কারাগারে। মামলার তদন্ত কর্মকর্তার এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আজ বুধবার জামিন বাতিল করে এ চিকিৎসককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ১৫ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের আবাসিক হোস্টেল থেকে মিজানুর রহমানের স্ত্রী চিকিৎসক তানজিলা জাহান মিথিলার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত মিথিলার মামা খন্দকার শরিফ উদ্দিন বাদী হয়ে গত ১৬ নভেম্বর মিজানুরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করেন। এ মামলায় গত ২ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন মিজানুর রহমান। জামিনে মুক্ত হয়ে তিনি বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় ৫ ডিসেম্বর বাদী শরিফ উদ্দিন তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাসুদ রানা আজ সকালে আদালতের কাছে মিজানুর রহমানের জামিন বাতিল করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

এতে বলা হয়েছে, গত বছর পারিবারিকভাবে মিথিলার সঙ্গে মিজানুরের বিয়ে হয়। আসামি পেশাদার চিকিৎসক হয়েও তাঁর বিবাহিত স্ত্রী থাকা অবস্থায় কিছু আজেবাজে মহিলার সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন এবং স্ত্রীর অজান্তে তাঁদের সঙ্গে আপত্তিকর মেলামেশায় লিপ্ত হন। এ ছাড়া দাম্পত্য জীবনে আসামি তাঁর স্ত্রীকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে আত্মহত্যায় প্ররোচনা দেন। তাঁর স্ত্রী তানজিলা তাঁকে অসামাজিক কার্যকলাপ থেকে ফিরিয়ে আনার চেষ্টায় ব্যর্থ হয়ে আত্মহত্যা করেন। ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনের জন্য আসামির জামিন বাতিল করে রিমান্ডে নেওয়া জরুরি।

শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড আবেদন বাতিল করে মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর পাশাপাশি জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।