সেই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের পর বিশ্ববিদ্যালয় ছাত্র আমিনুল ইসলামের শরীর থেকে সুচ বের না করার ঘটনার মামলার আসামি সেই দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ষষ্ঠ দফার মতো পিছিয়েছে। দুই চিকিৎসক হলেন, সুরমান আলী ও জাকির হোসেন।
গতকাল রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী ২৩ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন। গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, চলতি বছরের জানুয়ারি, মার্চেও শুনানি পিছিয়েছিল।
বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে দিন ধার্য ছিল। ওই আদালতে বিচারক না থাকায় মামলাটির শুনানির জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরে দুই চিকিৎসককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে মুখ্য মহানগর হাকিম অভিযোগ গঠনের শুনানি না করে পরবর্তী দিন ধার্য করেন।
২০১২ সালের ৩০ মে বেসরকারি এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলামের মলদ্বারে অস্ত্রোপচারের পর সুচ ভেতরে রেখে দেওয়ার অভিযোগ ওঠে দুই চিকিৎসকের বিরুদ্ধে।