প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ েমডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) গঠিত তদন্ত কমিটি অভিযুক্ত চিকিৎসক সফিউল আজমের সনদ সাময়িক বাতিলের সুপারিশ করেছে৷ গত সোমবার তদন্ত কমিটি এ সুপারিশসহ তদন্ত প্রতিবেদন বিএমডিসিতে জমা দিয়েছে৷ এ সুপারিশ বাস্তবায়িত হলে কোনো চিকিৎসকের সনদ বাতিলের এটি হবে দ্বিতীয় ঘটনা৷
গত ১৩ মে শিশির মোড়ল প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করতে রাজধানীর রায়েরবাজারে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক সফিউল আজম অন্যদের নিয়ে তাঁকে আটকে রেখে কয়েক দফা মারধর করেন৷ এ ঘটনায় িবএমডিসি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে৷ কমিটির সদস্যরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য চিকিৎসক রশিদে মাহবুব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা৷
বিএমডিসি সূত্র জানায়, তদন্তে হামলাকারী চিকিৎসকের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে৷ সফিউল আজমের সরকারি চাকরি ছেড়ে না দিয়ে বেসরকারি হাসপাতালে পূর্ণকালীন চাকরিতে যোগদানের প্রমাণ মিলেছে৷ তিনি কখনো সহকারী অধ্যাপক, কখনো সহযোগী অধ্যাপক, আবার কখনো শুধু অধ্যাপক পদবি ব্যবহার করছেন৷ এ ছাড়া কমিটি শিশির মোড়লের ওপর হামলারও প্রমাণ পেয়েছে৷ কমিটি সফিউল আজমের চিকিৎসা সনদ সাময়িক বাতিল, তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ খতিয়ে দেখা এবং বিচারিক প্রক্রিয়া শুরুর সুপারিশ করেছে৷
বিএমডিসির সভাপতি আবু শফি আহমেদ আমিন জানান, ওই প্রতিবেদন বিএমডিসির স্থায়ী শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে৷ কমিটি প্রতিবেদন অনুসারে ব্যবস্থা নেবে৷
এর আগে আশির দশকে অরুণ জ্যোতি চাকমা নামের এক চিকিৎসকের সনদ বাতিল করা হয়েছিল৷
ওই হামলার ঘটনায় শিশির মোড়ল হাজারীবাগ থানায় মামলা করেন৷ পুলিশ বলছে, সফিউল আজম পলাতক৷