সেই চিকিৎসা কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি
সরকারি দায়িত্ব অবহেলা করে নাটোরের গুরুদাসপুরের বেসরকারি একটি ক্লিনিকে দায়িত্ব পালন করায় রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আমিনুল ইসলাম সোহেলকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। গতকাল বুধবার সেখানে তাঁর যোগদান করার কথা।
একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপর্যায়ের নির্দেশে রাজশাহীর সিভিল সার্জনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ফেরদৌস গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে গত শনিবার চিকিৎসক সোহেলকে দুই দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তাঁর দেওয়া নোটিশের জবাব কর্তৃপক্ষের কাছে যথাযথ বলে মনে হয়নি। এ জন্য তাঁকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। সারদা পুলিশ একাডেমির প্রত্যয়ন নিয়ে তাঁকে বেতন-ভাতা উত্তোলন করতে হবে। এ ক্ষেত্রে তাঁর বাইরে বাড়তি আয়ের কোনো সুযোগ থাকবে না।
কর্মস্থলে দায়িত্ব পালন না করে গুরুদাসপুরের ডা. নোমান ক্লিনিকে চিকিৎসা বাণিজ্য করা অবস্থায় ৭ জানুয়ারি বেলা একটার দিকে স্থানীয় সাংসদ মো. আবদুল কুদ্দুস চিকিৎসক সোহেলকে দেখতে পান। একপর্যায়ে সাংসদ তাঁকে কক্ষ থেকে বের করে ক্লিনিকের সামনে এনে প্রকাশ্যে তিরস্কার করেন। এ নিয়ে ৮ জানুয়ারি প্রথম আলোতে ‘চিকিৎসককে তিরস্কার করলেন সাংসদ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।