সেই চিল ডানা মেলল আকাশে

সিলেট নগরের আদালতপাড়ার রেইনট্রি গাছের ডালে ঘুড়ির সুতোয় আটকা পড়া অবস্থা থেকে উদ্ধার করা সেই চিল ডান মেলে উড়ে গেছে। গত বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকে দেওয়া হয়েছিল। দুই দিন পর চিলটি উড়তে সক্ষম হওয়ায় গতকাল রোববার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার লালমাটিয়ায় সিটি করপোরেশনের বর্জ্য ভাগাড়ে চিলদের বিচরণ এলাকায় এটি মুক্ত করে দেওয়া হয়।
রেইনট্রি গাছের ডালে আটকা পড়া চিলটি গত বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের একটি দল ব্যর্থ হয়। ঘটনাস্থলে থাকা উৎসুক দর্শনার্থীদের সঙ্গে থাকা নগরের কাজীটুলা এলাকার বাসিন্দা বাক্প্রতিবন্ধী তরুণ রুহুল আমিন (২৬) গাছে চড়ে চিলটি উদ্ধার করেছিলেন। এ নিয়ে ২০ নভেম্বর প্রথম আলোয় ‘বাঁচল পাখির প্রাণ’ শিরোনামে একটি ক্রমিক ফটোফিচার ছাপা হয়।
গাছে আটকা পড়া চিল প্রথম দেখা স্থানীয় ব্যবসায়ী মনোজ চক্রবর্তী জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকি হওয়ায় উদ্ধারকাজ থেকে বিরত থাকেন। ঘটনাস্থলে থাকা রুহুল এ বিষয়টি বুঝতে পেরে হয়তো নিজ থেকেই গাছে উঠে চিলটি উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হন।
টানা দুই দিন গাছে আটকা থাকায় অভুক্ত ছিল চিল। খবর পেয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সিলেটের পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশের সদস্যরা ওই চিলকে চিকিৎসার জন্য পৌঁছে দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার সংগঠন ‘প্রাধিকার’ কর্মীদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল দুই দিন।
গতকাল সকাল থেকে চিলটি সুস্থ বোধ করলে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে অবমুক্ত করা হয়েছে বলে জানান ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবীর।