সেই চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাসকে অবশেষে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। কারণ দর্শানোর নোটিশে তাঁর বিরুদ্ধে তদন্তে প্রমাণিত তিনটি দুর্নীতির অভিযোগ সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, আজ রোববার পরিতোষ কুমার বিশ্বাসকে নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশের জবাবসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠাতে যশোরের জেলা প্রশাসককে বলা হয়েছে।
যশোরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জহুরুল হক ইউপি চেয়ারম্যান পরিতোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে ২০১৩ সালের ২৯ মে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) বিনা মূল্যের ধানবীজ কৃষকদের কাছে বিক্রি করা ও দুস্থ নারীদের চাল আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ছাড়া বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) ও এলজিএসপির আওতাধীন বিভিন্ন প্রকল্পে নিম্নমানের কাজের কথাও তুলে ধরা হয়।
এরপর পরিতোষ কুমার বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক ২০১৩ সালের ১৭ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছিলেন। এতদিন পরিতোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ আজ তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলো।
পরিতোষ কুমার বিশ্বাস প্রথম আলোর যশোরের অভয়নগর প্রতিনিধি মাসুদ আলম হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি-২) আওতায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিহ্রাস প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ নিয়ে মাসুদ আলমের একটি অনুসন্ধানী প্রতিবেদন ২০১৩ সালের ২০ মার্চ প্রথম আলোয় প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে পরিতোষ ওই বছরের ২৮ মার্চ মাসুদ আলমের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেন। সন্ত্রাসীরা মাসুদ আলমের বাঁ হাত ও পা ভেঙে দেয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
আরও পড়ুন:
এখনো বহাল তবিয়তে সেই চেয়ারম্যান