সেই চেয়ারম্যানকে কারণ দর্শানোর চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবন ও চুরির অপবাদ দিয়ে দুই যুবককে নির্যাতনের কারণ জানতে চেয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমিজ উদ্দিনকে চিঠি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁকে এ চিঠি দেন।

এলাকার কয়েকজনের মৌখিক অভিযোগের ভিত্তিতে গত রোববার বীর আহাম্মেদপুর গ্রামে দুই যুবককে নির্যাতন করেন চেয়ারম্যান রমিজ উদ্দিন। নির্যাতনের ছবি রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, একজন যুবককে সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে পেছন দিক থেকে দুই হাত ধরে টানছেন রমিজ উদ্দিন। সেখানে শাস্তির ধরন নিয়ে আপত্তি প্রকাশ করে মন্তব্য করেন একাধিক ব্যক্তি।

এ নিয়ে মঙ্গলবার প্রথম আলোয় ‘অপবাদ দিয়ে দুজনকে নির্যাতন চেয়ারম্যানের’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

তখন এ বিষয়ে চেয়ারম্যান রমিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি রোববার বিকেলে বৈখরহাটি গ্রাম দিয়ে যাচ্ছিলেন। সেখানে একটি মাজারের কাছে রোকন ও দীপ্ত নামের দুই যুবক বসে ছিলেন। রোকন মাদকসেবী ও দীপ্ত চোর বলে এলাকার লোকজন তাঁকে জানান। এ কথা শুনে তিনি ওই দুজনকে ধাওয়া করে আটক করেন। পরে বীর আহাম্মেদপুর এলাকার কাচারি বাজারে সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে রোকনকে চড়-থাপ্পড় দেন। দীপ্তকে চুল কাটাতে বলেন। চুরি বা মাদক সেবনের প্রমাণ না পাওয়ায় তাঁদের পুলিশে সোপর্দ করা হয়নি।

এলাকার কয়েকজন বলেন, শাস্তির পর চেয়ারম্যান ওই দুই যুবককে এলাকা ছাড়ার নির্দেশ দেন। গতকাল শুক্রবার পর্যন্ত তাঁদের এলাকায় পাওয়া যায়নি।

ইউএনও মর্জিনা আক্তার বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই চেয়ারম্যানকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। রোববারের মধ্যে তিনি লিখিত জবাব দেবেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চেয়ারম্যানের দোষ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল চেয়ারম্যান রমিজ উদ্দিনের মুঠোফোনে কল করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।