সেই চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল
গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাদেককে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার শহরে ঝাড়ুমিছিল করেছেন এলাকাবাসী। পরে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।গিদারি ইউনিয়নের পাঁচ শতাধিক নারী-পুরুষ কয়েক কিলোমিটার পথ হেঁটে ঝাড়ুমিছিল নিয়ে শহরে আসেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী চেয়ারম্যান গোলাম সাদেক ও তাঁর সন্ত্রাসী বাহিনীর লোকজনকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গিদারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, আবদুর রউফ, ওয়াহিদ হাসান, আবদুল খালেক, ইব্রাহিম খলিল, সাইফুল ইসলাম, জুয়েল মিয়াজি, মতিন মিয়া প্রমুখ।বক্তারা বলেন, চেয়ারম্যান গোলাম সাদেক ও তাঁর সন্ত্রাসী বাহিনী দিনের পর দিন বিচারের নামে নানা অজুহাতে নিরীহ জনগণকে অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছে। গত ৮ জানুয়ারি প্রথম আলোতে ‘এক চেয়ারম্যানের নিজস্ব আদালত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর হাইকোর্টের একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন এবং ওই চেয়ারম্যানকে হাজির হতে বলেন। চেয়ারম্যান গোলাম সাদেক হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে অব্যাহতি পান।