সেই চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ ইউপি সদস্যের অনাস্থা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাজাপ্রাপ্ত সেই চেয়ারম্যান মাজেদুর রহমানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন ওই ইউপির ১১ জন সদস্য। তাঁরা চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ১৪ আগস্ট জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে এই অনাস্থা প্রকাশ করেন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোখলেছুর রহমান বলেন, ‘১৪ আগস্ট ইউপি সদস্যরা আবেদন দিতে পারেন। কিন্তু সেটি আমি হাতে পাইনি। কারণ, ওই দিনের পর টানা তিন দিনের ছুটি ছিল। আবেদন পেলে খতিয়ে দেখব।’
অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মাজেদুর রহমান নির্বাচিত হওয়ার পর থেকেই পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন। দু-তিন মাস পর পর এলাকায় আসেন। চেয়ারম্যানের অনুপস্থিতিতে তাঁর বড় ভাই মোনায়েম হোসেন দায়িত্ব পালন করেন। ফলে পরিষদের সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষত, গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। নাগরিক সনদ পেতে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। চেয়ারম্যানের অনুপস্থিতির সুযোগে তাঁর ভাই মোনায়েম হোসেন চাকরিপ্রত্যাশীদের কাছে টাকার বিনিময়ে এই সনদ বিক্রি করছেন।
অনাস্থা প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, নির্বাচনের পর থেকে পরিষদের কোনো সভা হয়নি। পরিষদের সিদ্ধান্ত ছাড়াই চেয়ারম্যান ২০১২ সালের ২৮ মে ডিপের বাজার থেকে আবুল কাশেমের বাড়ি পর্যন্ত সড়কের দুই ধারে রোপণ করা আট লাখ টাকার ইউকেলিপটাসগাছ বিক্রি করেন। এই টাকা ইউনিয়ন পরিষদের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ব্যাপারে ইউপি সদস্যরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন। কিন্তু কোনো কাজ হয়নি।
চেয়ারম্যান মাজেদুর রহমান মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কোনো প্রকল্পের সভাপতি আমি নই। ইউপি সদস্যরাই এসব প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতি করেন। তাঁরাই টাকা আত্মসাৎ করেন। তাঁদের এসব অনিয়মে বাধা দেওয়ায় তাঁরা আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন।’
গতকাল রোববার প্রথম আলোতে ‘সাজাপ্রাপ্ত চেয়ারম্যান দুই বছরেও গ্রেপ্তার হয়নি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।