সেই চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ভূজপুরে গত ১১ এপ্রিল তাণ্ডবের শিকার হতাহত ব্যক্তিদের প্রধানমন্ত্রী প্রদত্ত অর্থ থেকে ভাগ না দেওয়ার ঘটনায় যুবক পেটানো সেই চেয়ারম্যান সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার আজাদী বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান কাজী মাহমুদুল হক নিজেকে নির্দোষ দাবি করেন বলেন, ‘১১ এপ্রিল ভূজপুর তাণ্ডবের শিকার হন মো. রুবেল নামের দুই ব্যক্তি। অভিযোগকারী মো. রুবেল একই নামে দুটি চেক আত্মসাত্ করলে অপর রুবেলের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি আমি সমন্বয় করতে চেষ্টা করি। কিন্তু অভিযোগকারী রুবেল বাড়ি থেকে পালিয়ে গেলে বিষয়টি আমি মীমাংসা করতে ব্যর্থ হই। এ নিয়ে রুবেলের সঙ্গে আমার মতবিরোধ সৃষ্টি হয়।’ এ বিষয়ে ১৬ ডিসেম্বর অপর রুবেল তাঁর চেক ফিরে পেতে থানায় অভিযোগও দিয়েছেন। পেটানোর বিষয়টি চেয়ারম্যান ১৫ ডিসেম্বর প্রথম আলোর কাছে স্বীকার করলেও গতকাল সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কিছু বলেননি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আলম সিকদার, বখতপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল আজম, জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম আবু তৈয়ব, উপজেলা যুবলীগের সদস্য কামাল পাশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল পাশা প্রমুখ। গতকাল বুধবার সন্ধ্যায় মো. রুবেল জানান, গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিজের নামে ইস্যু করা চেকটি গ্রহণ করেছেন। আরেক রুবেলের বিষয়ে তিনি কিছুই জানেন না।
রুবেল আর বলেন, ‘চেয়ারম্যান গত তিন দিনে আমার পরিবারের সদস্যদের থানায় দেওয়া অভিযোগপত্রটি প্রত্যাহারের জন্য চাপ দিয়ে যাচ্ছেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ভূঁইয়া দুটি অভিযোগের কথা স্বীকার করে বলেন, অবরোধের কারণে কোনো ঘটনারই এখনো তদন্ত করা হয়নি।