সেই চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার সেই চেয়ারম্যানের বিরুদ্ধে এবার ভাইস চেয়ারম্যান প্রকাশ্যে মাঠে নেমেছেন। গত শনিবার বিকেলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেল তিনটার দিকে দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদের সমর্থকদের সঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদেরের সমর্থকদের বাগিবতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের ভেতরেই ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় উপজেলা চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে উভয় পক্ষকে সরিয়ে দেন। এর পর উভয় পক্ষ উপজেলা চত্বরের উত্তর দিকে গিয়ে আবার মুখোমুখি অবস্থান নেয়। বিকেল সাড়ে তিনটার দিকে তাদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরে পুলিশ গিয়ে আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, ভাইস চেয়ারম্যান ১৫ দিনের জন্য গাড়ি চেয়ে আবেদন করেছিলেন। স্বাক্ষর না থাকায় সেটি গ্রহণ করা হয়নি। এ কারণে হয়তো তিনি ক্ষিপ্ত হতে পারেন। তবে তাঁর সঙ্গে এর পর আর কোনো কথা হয়নি। ভাইস চেয়ারম্যান আবদুল কাদের দাবি করেন, উপজেলা চেয়ারম্যান অবৈধ প্রকল্প পাস করানোর জন্য ক্যাডার নিয়ে এসে কর্মকর্তাদের চাপ দিচ্ছিলেন। খবর পেয়ে তাঁর সমর্থকেরা এসে পিটিয়ে তাঁদের উপজেলা চত্বর থেকে বের করে দিয়েছেন। চেয়ারম্যান সব জায়গায় দুই নম্বরি করতে চান। গাড়ির ব্যাপারে তিনি বলেন, গাড়ির জন্য বৈধভাবেই আবেদন করেছেন। আবেদনের কপি তিনি জেলা প্রশাসককেও দিয়েছেন।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বলেন, বড় ধরনের কিছু হয়নি। দুই পক্ষ পরস্পরকে শাসিয়েছে। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।দুর্গাপুর উপজেলায় কাবিখার ছয়টি প্রকল্পের ঠিকমতো কাজ না হলেও তার ডিও লেটারে স্বাক্ষর নেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে চাপ দেন। তাতে তিনি রাজি না হলে তাঁকে মারধরের হুমকি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) তিনি একই হুমকি দেন। এর ফলে গত বুধ ও বৃহস্পতিবার দুর্গাপুরের ইউএনও র‌্যাব ও পুলিশ পাহারায় অফিস করেন। আর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওই দুই দিন তাঁর কার্যালয়ে আসতে পারেননি। এ নিয়ে গত ২৯ জুন ‘একজন চেয়ারম্যানের দৌরাত্ম্য/র‌্যাব পুলিশের পাহারায় ইউএনও, ভয়ে আসেননি পিআইও’ শিরোনামে প্রথম আলোয় একটি খবর ছাপা হয়।