সেই চোরের তথ্যে উদ্ধার আরও দুটি গাড়ি ও মোটরসাইকেল
নিজের কোনো গাড়ি নেই, কিন্তু প্রতি মাসেই তিনি নতুন মডেলের গাড়িতে চড়তেন। এসব গাড়ি তাঁকে কিনতে হয়নি। তাহলে? সবই ছিল ছিনতাই করা।র্যাব-১-এর ক্যাপ্টেন ফয়সাল প্রথম আলোকে জানান, শফিক গাড়ি ছিনতাইয়ের পর গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় রাখতেন। পুরো গাড়ি বিক্রি করার সুযোগ না পেলে যন্ত্রাংশ খুলে খুলে বিক্রি করতেন। এ কারণে চুরি হওয়া গাড়ির হদিস মিলত না।দুই বছর ধরে গাড়ি ছিনতাই করে চলছিলেন ওয়াহিদ শফিক। র্যাবের হাতে ধরা পড়ার পর তাঁর স্বীকারোক্তির সূত্রে আরও দুটি চোরাই গাড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আরও তিনজনকে।গত শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে একটি চোরাই গাড়িসহ র্যাব-১-এর কর্মকর্তারা ওয়াহিদ শফিককে হাতেনাতে আটক করেন।র্যাব সূত্র জানায়, শেখ ওয়াহিদ শফিকের বাবার নাম শেখ মোহাম্মদ শফিক, থাকেন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায়। তবে ওয়াহিদ থাকেন গুলশানে। গুলশান-বনানী এলাকায় সংঘবদ্ধ মাদক পাচারকারীর দলের সদস্য তিনি। সীমান্ত থেকে আসা ইয়াবা বড়ি গুলশান-বনানী এলাকায় বিক্রি করেন। শফিক ইয়াবা বড়ির পাইকারি বিক্রেতা বলে স্বীকারও করেছেন।র্যাব জানায়, শফিকের দেওয়া তথ্যে নারায়ণগঞ্জ থেকে আল আমিন ভূঁইয়া, ফরিদ ভূঁইয়া ও শামীম নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে তিনটি চোরাই গাড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে শফিক জানান, প্রায় দুই বছর ধরে তিনি গাড়ি চুরি করছেন। তবে চুরি করা গাড়ি তিনি বেশি দিন রাখেন না। নামমাত্র দামে বিক্রি করে দেন। বিক্রি করেন মাদক ব্যবসায়ীদের কাছে। তাঁরা সীমান্ত থেকে মাদক ঢাকায় আনার কাজে এসব গাড়ি ব্যবহার করেন। ভাড়া করা চালক দিয়ে এসব গাড়ি চালানো হয়। পুলিশের হাতে গাড়ি ধরা পড়লে চালক সেটি ফেলে দিয়ে পালিয়ে যান।২০০৮ সালের অক্টোবর মাসে বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ র্যাবের হাতে তিনি ধরা পড়েন। সে মামলায় তিনি এক বছরের বেশি কারাগারে ছিলেন। কারাগারের ভেতরেও ইয়াবা পাচারের সময় কারা প্রশাসনের হাতে ধরা পড়েন। কারাবিধি অনুসারে তাঁর সাজাও হয়। কারাগার থেকে বের হয়ে তিনি ফেনসিডিল কেনা-বেচা শুরু করেন। কিছুদিন আগে র্যাব-১০-এর কর্মকর্তারা তাঁকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছিলেন। ওই মামলায় পরে তিনি জামিনে বেরিয়ে আসেন।শফিক র্যাবকে জানান, গাড়ি চুরির জন্য তিনি গুলশান ও বনানীর অভিজাত মার্কেট ও ভবনে ওত পেতে থাকেন। কেউ নতুন গাড়ি নিয়ে এলে গাড়িচালকের অবস্থান লক্ষ করেন। এরপর সুযোগ বুঝে গাড়ি নিয়ে চম্পট দেন। সাধারণত মালিকচালিত গাড়িই তিনি চুরি করতেন বলে স্বীকার করেন। শফিক আরও জানান, তাঁর কাছে একটি ‘মাস্টার কি’ (চাবি) আছে। এ চাবি দিয়ে যেকোনো গাড়ির দরজা খোলা ও ইঞ্জিন চালু করা যায়।