
বিজ্ঞান লেখক, ব্লগার অনন্ত বিজয় দাশকে সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে যে স্থানে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে, সেখানে গতকাল সোমবার বিকেলে ‘অনন্ত, অনন্তকাল’ নামের দেয়ালচিত্র উন্মোচন করা হয়েছে।
নূরানী আবাসিক এলাকার বাসিন্দা অনন্ত গত মঙ্গলবার বাসা থেকে বের হয়ে চৌরাস্তার মোড়ে দুর্বৃত্তদের আক্রমণের মুখে পড়েন। দুর্বৃত্তরা প্রকাশ্যে তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ রাস্তায় ফেলে যায়। রাস্তাটির ওপাশে পিটিআইয়ের দেয়াল। সেখানে এলাকাবাসী ও অনন্তের কয়েকজন শুভানুধ্যায়ী দেয়ালচিত্র অঙ্কন করেন। কালো জমিনের ওপর ছোপ ছোপ রক্ত, তাতে সাদা অক্ষরে লেখা—‘জ্ঞানের জ্যোতি ছড়াবে অনন্ত/ অনন্তকাল’, অন্য পাশে কলমযোদ্ধার মুষ্টিবদ্ধ হাত ও অনন্তর লেখা থেকে চয়ন করা হয়েছে—‘ওইখানে আমিও আছি/ যেখানে সূর্যোদয়, প্রিয় স্বদেশ পাল্টে দেব/ তুমি আর আমি বোধ হয়...’।
বিকেলে দেয়ালচিত্র উন্মোচন করা হয়। দেয়ালের পাশে ফুল দিয়ে অনন্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ফুল দেন বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য আইনজীবী মঈনুদ্দিন আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান জেবুল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম প্রমুখ।
গণজাগরণ মঞ্চের স্মারকলিপি, বিক্ষোভ মিছিল: গতকাল দুপুর ১২টার দিকে গণজাগরণ মঞ্চ সিলেটের উদ্যোগে অনন্তের খুনিদের দ্রুত গ্রেপ্তারে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়, সাত দিন অতিবাহিত হতে চলেছে, এরপরও অনন্তের খুনিরা ধরা পড়েনি। তারও আগে যেসব লেখককে হত্যা করা হয়েছিল, এর বিচার না হওয়ায় অনন্তকে হত্যা করার সাহস পেয়েছে দুর্বৃত্তরা।
ইউনেসকোর নিন্দা: অনন্তকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা। গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে এক বিবৃতিতে তিনি বলেন, ‘অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানাই। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’