জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল থেকে মাহমুদ আল জামান নামের এক ছাত্রকে গত বৃহস্পতিবার রাতে মারধর করে হল থেকে বের করে দিয়েছেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের জের ধরে তাঁকে বের করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাহমুদ আল জামান ও হলের একাধিক শিক্ষার্থী জানান, গত ২০ মে ঢাকা যাওয়ার পথে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে একটি বাস মাহমুদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। গত ২৩ মে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এসে বাসমালিকের একজন প্রতিনিধি ক্ষতিপূরণ বাবদ মাহমুদের হাতে ৪৫ হাজার টাকা তুলে দেন। হলে ফেরার পর ছাত্রলীগের কর্মীরা মাহমুদকে ১৮ হাজার টাকা দিয়ে বাকি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। গত ২৭ মে প্রথম আলোতে ‘ক্ষতিপূরণের টাকা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ভাগাভাগি!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। মাহমুদ অভিযোগ করেন, ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তাঁরা তাঁর ওপর ক্ষুব্ধ হন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের কর্মী মোল্লা আলমগীর হোসেন, মোহতাসিম বিল্লাহ মইন, মো. আশরাফুজ্জামান, মো. শরিফুল ইসলাম, মনোয়ার হোসেন ও তানভির মোর্শেদ তাঁর কক্ষে যান। একপর্যায়ে তাঁরা তাঁকে মারধর করে হল থেকে বের করে দেন। তিনি বলেন, সহকারী প্রক্টর কবিরুল বাসারকে বিষয়টি তিনি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেছেন, মাহমুদকে মারধর করার আগে বিশ্ববিদ্যালয়ের লেক থেকে অবৈধভাবে ধরা মাছ দিয়ে ছাত্রলীগের কর্মীরা নৈশভোজ করেন। লেকের ইজারাদার নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মীরা প্রায় তিন মণ মাছ ধরেছেন। তিনি উপাচার্যকে বিষয়টি জানাবেন। তবে ছাত্রলীগের কর্মী মোহতাসিম বিল্লাহ মইন, মো. আশরাফুজ্জামান ও শরিফুল ইসলাম অভিযোগ করেন, মাহমুদ নিজে মাদক গ্রহণ করেন এবং হলের অনেককেই মাদক গ্রহণে সহায়তা করতেন। তাই তাঁকে বের করে দেওয়া হয়েছে। তবে মাহমুদকে মারধরের অভিযোগ সত্য নয় বলে তাঁরা দাবি করেন। তাঁরা বলেন, হলের সাধারণ কিছু ছাত্র লেক থেকে ‘অল্প কিছু মাছ ধরেছে’। সহকারী প্রক্টর কবিরুল বাসার প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।