সেই ছাত্রলীগ কর্মীকে কলেজ থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্র ও ছাত্রলীগের কর্মী সবুজ আহম্মেদকে কলেজ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গত শনিবার কলেজের শিক্ষক পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
কলেজ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক শিক্ষককে নিয়ে অধ্যক্ষ সৈয়দ মো. ইকবাল মঈজ কলেজ-ক্যাম্পাস পরিদর্শনে বের হন। এ সময় কলেজের একটি কক্ষে পাঁচ-ছয়জন বন্ধু নিয়ে হইহুল্লোর করছিল সবুজ। অধ্যক্ষ শান্ত হতে বললে তারা শোনেনি। পরে অধ্যক্ষ ধমক দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর সবুজসহ পাঁচ-ছয়জন অধ্যক্ষকে কিল-ঘুষি মারে। এরপর সেখান থেকে সরে আসার পথে ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
সবুজ ওই কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। তিনি পৌর ছাত্রলীগের সভাপতি তাপস সাহার সমর্থক এবং দলের সক্রিয় কর্মী। এর আগেও সবুজের বিরুদ্ধে শিক্ষকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ রয়েছে।
অধ্যক্ষ সৈয়দ মো. ইকবাল মঈজ বলেন, এ ঘটনায় শনিবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের উদ্যোগে সভা হয়। এতে সবার সম্মতিক্রমে ছাত্রলীগের কর্মী সবুজকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।