সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় হামলা চালিয়ে মূল্যবান কাগজপত্র তছনছ ও কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি হাদিউজ্জামান ওরফে হাদিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পছন্দের এক প্রার্থীর চাকরির আবেদন বাতিল হওয়ায় গত বুধবার হাদিউজ্জামান হাদির নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে।

‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সংস্থাপন শাখায় ছাত্রলীগের হামলা, কাগজপত্র লুট’ শিরোনামে গত বৃহস্পতিবার প্রথম আলোয় খবর প্রকাশিত হয়। এরপর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ অভিযুক্ত ছাত্রনেতা হাদিউজ্জামান হাদিকে গতকাল শনিবার রাতে দল থেকে বহিষ্কার করেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘শুধু দল থেকে বহিষ্কার নয়, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।’   

এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন আর এম হাফিজুর রহমান সেলিমকে আহ্বায়ক এবং প্রক্টর নাজমুল হককে সদস্য সচিব করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

তদন্ত কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, ‘আমরা তদন্ত করছি। খুব শিগগির তদন্ত প্রতিবেদন জমা করা হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাদীউজ্জামান হাদী গত বছরের ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে লাঞ্ছিত ও অ্যাসিড নিক্ষেপ মামলার অভিযোগপত্রভুক্ত দুই নম্বর আসামি।

সংস্থাপন শাখার সেকশন অফিসার জিয়াউল হক জানান, বিশ্ববিদ্যালয়ে ২৩ জন কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ার জন্য পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হচ্ছে। হাদিউজ্জামান হাদীর পছন্দের একজন প্রার্থী আবেদন করেন সেকশন অফিসার গ্রেড-২ পদে। কিন্তু তাঁর আবেদন বিধিসম্মত না হওয়ায় বাতিল করে বাছাই কমিটি।