সেই ছাত্রলীগ নেতার স্বজনের কাছে 'মুক্তিপণ দাবি'

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা সাইফুজ্জামান সোহাগের শ্বশুরের মোবাইলে ফোন করে ‘মুক্তিপণ দাবি’ করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুজ্জামান। গত বুধবার রাতে ‘র্যাব পরিচয়ে’ রাজশাহীর নিজ বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের।
সাইফুজ্জামানের শ্বশুর রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শেখ রেজাউর রহমান আজ শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে বেলা একটার দিকে অজ্ঞাত নম্বর থেকে একটি ফোন আসে। ফোনে আমাকে বলা হয়, আপনি কি আপনার জামাইকে ফেরত পেতে চান? আমি বলি, অবশ্যই। তারপর আমাকে বলা হয়, তাহলে আপনাকে কিছু খরচপাতি করতে হবে। আমাকে বলা হয়, সোহাগকে পেতে চাইলে এক লাখ টাকা চাঁদা দিতে হবে।’
রেজাউর রহমান আরও বলেন, ‘ওই ফোন আসার কিছুক্ষণ পরে আরও একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, আপনার জামাইকে পাওয়া গেছে। সে পিরোজপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। কিন্তু পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি, সেখানে সোহাগ নেই।’
সাইফুজ্জামানের বাবা আক্কাস উজ জামান বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো ফোন আসেনি। যেভাবেই হোক আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।’
সাইফুজ্জামান বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকার পশ্চিমপাড়ায়। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে সাইফুজ্জামানের বাবা অভিযোগ করেন, বুধবার দিবাগত রাত তিনটার দিকে র্যাব পরিচয়ে ১৫ জনের একটি দল সাদা মাইক্রোবাসে করে এসে তাঁর ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় সাইফুজ্জামানের বাবা নগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। র্যাবের কাছেও অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ ও র্যাব জানিয়েছে, সাইফুজ্জামানকে তারা আটক করেনি। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।