সেই ছাত্রী পরীক্ষা দিল বাড়িতে
বাল্যবিবাহের শিকার পঞ্চম শ্রেণির সেই ছাত্রী (১৩) নিরাপত্তাজনিত সমস্যার কারণে বিদ্যালয়ের পরিবর্তে নিজ বাড়িতে বসে পরীক্ষা দিয়েছে। গতকাল শনিবার বিশেষ ব্যবস্থায় সে গণিত ও বাংলা বিষয়ে পরীক্ষা দেয়।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের খারুয়ারচর গ্রামের ওই ছাত্রী একইভাবে আজ রোববার নিজ বাড়িতে বসে চারুকলা ও সংগীত বিষয়ের পরীক্ষা দেবে। সে খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ওই ছাত্রীর আগ্রহ ও তার পরিবারের সদস্যদের অনুরোধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমতি সাপেক্ষে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন এ পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন, ‘বাল্যবিবাহের শিকার ওই ছাত্রী নিরাপত্তাজনিত কারণে বিদ্যালয়ে এসে পরীক্ষা দিতে পারবে না বলে জানায়। আমরা মানবিক কারণে তার বাড়িতেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি।’
গত ২৬ জুন লালমনিরহাট নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে আবদুর রহিম (৩১) ও ওই ছাত্রীর (১৩) বিয়ে হয়। কিন্তু বিয়ের কাগজপত্রে রহিমের বয়স কমিয়ে ২৫ এবং ওই ছাত্রীর বয়স বাড়িয়ে ১৮ দেখানো হয়। এ ব্যাপারে ১১ আগস্ট প্রথম আলোয় ‘পঞ্চম শ্রেণির ছাত্রীকে সভাপতির বিয়ে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই দিনই বিকেলে রহিম আবার নোটারি পাবলিক কার্যালয়ে গিয়ে বিবাহের হলফনামা বাতিল করে। কিন্তু ওই ছাত্রীকে তার আত্মীয়স্বজনের কাছে ফেরত না দিয়ে লুকিয়ে রাখেন তিনি। ১৬ আগস্ট রাত পৌনে ১১টার দিকে কুলাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শাহজাহান আলীর বাড়ি থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ওই রাতেই আবদুর রহিমসহ নয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ গতকাল শনিবার পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এ কারণে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান ১১ আগস্ট আবদুর রহিমের বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইনে আরেকটি মামলা করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ওই ছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতের মাধ্যমে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, রহিমসহ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।