বাল্যবিবাহের শিকার লালমনিরহাটের পঞ্চম শ্রেণির সেই ছাত্রী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করেছে। তবে ফলাফল ভালো হয়নি। সে জিপিএ-৩ পেয়েছে।
ছাত্রীটির পরিবারের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী বাল্যবিবাহজনিত শারীরিক ও মানসিক নির্যাতনসহ নানা ধরনের হয়রানির কারণে তার ভালো ফলাফল হয়নি বলে জানান। গত জুন মাসে যেই বিদ্যালয়ে পড়াশোনা করত সেই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তাকে জোর করে বিয়ে করে তার ওপর নির্যাতন চালান। এই ঘটনায় মামলা হলে পুলিশ ওই সভাপতিকে গ্রেপ্তার করে। কিন্তু তিনি সহজেই জামিন পেয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহিম (৩২) একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে গত ২৬ জুন বয়স এফিডেভিট করে বিয়ে করেন। এ ব্যাপারে গত ১১ আগস্ট প্রথম আলোয় ‘পঞ্চম শ্রেণির ছাত্রীকে সভাপতির বিয়ে’ শিরোনামে সংবাদ ছাপা হয়। একই দিন আব্দুর রহিম ওই ছাত্রীর সঙ্গে বিবাহের এফিডেভিট বাতিল করেন। বিয়ের ঘোষণা বাতিল করলেও তিনি ওই ছাত্রীকে আরও সাত দিন অজ্ঞাত স্থানে আটকে রাখেন। ১৬ আগস্ট পুলিশ তাকে সদর উপজেলার কুলাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান আলীর বাড়ি থেকে উদ্ধার করে।
এই ঘটনায় গত ১৭ আগস্ট রাতে ওই ছাত্রীর বাবা সদর থানায় আবদুর রহিমসহ নয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গত ১ নভেম্বর আবদুর রহিমকে পুলিশ গ্রেপ্তার করে। তিন দিনের মাথায় তিনি আদালত থেকে জামিনে বের হয়ে আসেন। এখন তিনি ও তাঁর লোকজন মেয়েটির পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লালমনিরহাট সদর থানার এসআই সহিদুল ইসলাম গত ১৬ নভেম্বর লালমনিরহাট মুখ্য বিচারিক আদালতে আবদুর রহিমসহ নয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। ২৪ নভেম্বর আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে তা বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠায়। আগামী ১৫ জানুয়ারি মামলাটির শুনানির দিন ধার্য করা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার, ‘ আমরা ছাত্রীটির শিক্ষাজীবন চলমান রাখতে সব সময় তার খোঁজখবর রাখার চেষ্টা করছি।’