সেই ছাত্রীর জ্ঞান ফেরেনি, আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জয়পুরহাটের কালাইয়ের সেই স্কুলছাত্রীর জ্ঞান গতকাল রোববার পর্যন্ত ফেরেনি। তাকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় গত শনিবার পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিলন সরকার (২৮) ও রাশেদুল ইসলাম (৩০)। এ নিয়ে এ মামলায় সন্দেহভাজন মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।
মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ বর্মণ বলেন, কালাই উপজেলার ছত্রগ্রাম ও বানদীঘি গ্রাম থেকে গত শনিবার রাতে সন্দেহভাজন ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁদের দেওয়া তথ্যগুলো যাচাই করা হবে।
গত বুধবার রাতে বানদীঘি গ্রাম থেকে মাহবুর ওরফে মাহবুল ও এজাবুল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নির্যাতনের শিকার মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছে। গতকাল রোববার বিকেলে ঢাকা থেকে মেয়েটির ফুফা মুঠোফোনে বলেন, মেয়েটির এখনো জ্ঞান ফেরেনি। গতকাল রোববার তার সিটি স্ক্যান ও রক্ত পরীক্ষা করা হয়েছে।