সেই ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের সত্যতা পায়নি তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার সেন্ট স্কলাস্টিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে নির্মাণশ্রমিকের অশোভন আচরণের অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি। আজ রোববার সন্ধ্যায় বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে সংবাদ সম্মেলন করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে কমিটি।

সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন পাঠ করেন কমিটির সদস্য ও অভিভাবক প্রতিনিধি অশোক কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন তদন্ত কমিটির অন্য সদস্য সিটি করপোরেশনের পাথরঘাটার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ, অভিভাবক প্রতিনিধি সোমা খাস্তগীর ও কোতোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ মহিবুর রহমান।
গত ১৭ জানুয়ারি বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে নির্মাণশ্রমিকের অশোভন আচরণের অভিযোগ উঠে। পরদিন ১৮ জানুয়ারি অভিভাবকেরা বিক্ষোভ করেন। তাঁদের বিক্ষোভের মুখে বিদ্যালয় ২৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ জানুয়ারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রী তিনতলার সিঁড়ি ব্যবহার করে চারতলায় যাচ্ছিল। কিন্তু এক নির্মাণশ্রমিক দুই হাত বাড়িয়ে তাকে বাধা দেয়। এরপর ওই ছাত্রী শ্রেণিকক্ষে চলে যায়। পরে ওই ছাত্রী তার অভিভাবককে বিষয়টি জানায়। পরে ওই ছাত্রীর অভিভাবক তাঁর মেয়েকে চারতলার শৌচাগারে যেতে এক নির্মাণশ্রমিক বাধা দিয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে অভিভাবকেরা এ নিয়ে বিক্ষোভ করেন।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর হাসান মুরাদ বলেন, ‘ছোট্ট একটি মেয়ে তিনতলা থেকে চারতলায় যেতে চেয়েছিল। কিন্তু সেখানে নির্মাণকাজ চলার কারণে যেকোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। এই আশঙ্কায় নির্মাণশ্রমিক তাকে ওপরে যেতে দেয়নি।’
সংবাদ সম্মেলনে ওই ছাত্রীর অভিভাবক বলেন, ‘এটি সামান্য তুচ্ছ ঘটনা। এই ঘটনা থেকে স্কুলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।’
এদিকে আজ রোববার বিদ্যালয় খোলার কথা কথা থাকলেও খোলেনি। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেণু মারিয়া পালমা বলেন, বিদ্যালয় ভবনের নির্মাণকাজ চলছে। নির্মাণকাজ চলাকালে ছাত্রীরা দুর্ঘটনা শিকার হতে পারে। বিপদ এড়াতে তাই আপাতত বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে বিদ্যালয় খুলে দেওয়া হবে।