সেই ছাত্রের বিরুদ্ধে এবার থানায় জিডি
চাঁদপুরের হাজীগঞ্জে ৫০০ টাকার জন্য এইচএসসি পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রের বিরুদ্ধে এবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অফিস সহকারী জামাল উদ্দিন ভূঁইয়া প্রাণনাশের হুমকির অভিযোগে গত শুক্রবার ওই জিডি করেন।
কলেজ সূত্রে জানা গেছে, ৫০০ টাকা বকেয়া হওয়ায় কলেজের এইচএসসির মানবিক বিভাগের ছাত্র আরাফাত হোসেনকে গত বৃহস্পতিবার প্রবেশপত্র দেওয়া হয়নি। এ কারণে আরাফাত ওই দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে পারেনি।
এ নিয়ে গত শুক্রবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘৫০০ টাকার জন্য পরীক্ষা বন্ধ!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
আরাফাত অভিযোগ করে বলে, ‘বৃহস্পতিবার জামাল উদ্দিন ভূঁইয়া প্রবেশপত্রের জন্য আমার কাছে ৯০০ টাকা দাবি করেন। আমার কাছে থাকা ৪০০ টাকা তাঁকে দিই। বাকি ৫০০ টাকার জন্য প্রবেশপত্র দিই দিচ্ছি বলে আমাকে এক ঘণ্টা বসিয়ে রাখা হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে বাগিবতণ্ডা হলে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর আমাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।’
আরাফাত আরও বলে, ‘কলেজ কর্তৃপক্ষ নিজেদের রক্ষার জন্য জামালকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে থানায় জিডি করেছে। অথচ বৃহস্পতিবার দুপুরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনা আফরোজার কার্যালয়ে উপস্থিত হয়ে ঘটনাটি খুলে বলেছি।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম জানান, জিডির মূল বিষয়বস্তু নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এতে কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট অবহেলা আছে বলে প্রতীয়মান হচ্ছে।